
স্টাফ রিপোর্টার ॥
ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার পদ্মা জেনারেল হাসপাতালে মারা যাওয়া শিশু ইমার দাফন তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে ইমার মরদেহ বাড়িতে পৌঁছার পর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ মৃত্যুর জন্য চিকিৎসকদের অবহেলার অভিযোগ করে বিচার দাবি করেন নিহতের বাবা-মা।
নিহত ইমার বাবা মো. জুয়েল ও মা সুরমা আক্তর জানান, ৩১ জুলাই তাদের ৫ বছরের শিশুকণ্যা ইমা জ্বরে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ঢাকার আদ্বীন হাসপাতালে নেয়। সেখানকার ডাক্তাররা ডেঙ্গু পরীক্ষা না করে স্বাভাবিক জ্বরের ঔষুধ দেন। এতে রোগীর পরিস্থিতি আরও খারাপ হলে গত ৩ আগস্ট পদ্মা জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু ধরা পরে এবং সেখানেই ভর্তি করায়। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিওতে রাখা অবস্থায় ৫ আগস্ট সোমবার দুপুরে মারা যায় বলে বাবা মাকে জানানো হয়।
বাবা- মায়ের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অংকের (৬০ হাজার) টাকা নিলেও প্রকৃত চিকিৎসা দেয় নি। চিকিৎসার অভাবে ইমার মৃত্যু হয়েছে। এদিকে মঙ্গলবার সকালে ঢাকা থেকে ইমার মরদেহ দৌলতখানের চর খলিফা গ্রামে পৌছার পর শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য, ইমা তার বাবা মায়ের সাথে ঢাকার বাংলা মোটর থাকতো।
বাংলাদেশ সময়: ১:১৫:৪৩ ৪৫২ বার পঠিত