সমাজের উন্নয়নের জন্য শিশুশ্রম বন্ধ করতে হবে

প্রচ্ছদ » নারী ও শিশু » সমাজের উন্নয়নের জন্য শিশুশ্রম বন্ধ করতে হবে
শনিবার, ২৩ জুন ২০১৮



---

ডা. ওয়াজেদুল ইসলাম খান

জাতিসংঘ শিশু অধিকার সনদ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সব ব্যক্তিকে শিশু হিসেবে এবং ১৪ থেকে ১৮ বছরের কম বয়সীকে কিশোর-কিশোরী হিসেবে গণ্য করা হয়। ১৪ বছরের নিচে কোনো শিশুকে  উৎপাদনশীল কাজে নিয়োগ দেওয়া বা কাজ করিয়ে নেওয়াকে শিশুশ্রম বলা হয়।
ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যৎ। কিন্তু বাংলাদেশে শিশুশ্রম আজ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যে বয়সে শিশুর হাতে থাকার কথা বই আর কলম, সেই বয়সে শিশুটি তার নিজের অথবা পরিবারের আহার জোগানোর জন্য শ্রমবাজারে নামতে বাধ্য হচ্ছে অথবা শিশুটিকে শ্রমবাজারে নামতে বাধ্য করা হচ্ছে। এক শ্রেণির মুনাফালোভী ও স্বার্থপিপাসু মানুষ শিশুর দারিদ্র্যের ও সামাজিক দুর্বলতার সুযোগ নিয়ে তাদের দিয়ে কাজ করায়। কারণ শিশুশ্রমের মূল্য খুবই নগণ্য। বাংলাদেশে যেসব সেক্টরে শিশুশ্রমের প্রবণতা বেশি, তার মধ্যে টেক্সটাইল ও গার্মেন্ট, প্রিন্ট ও এমব্রয়ডারি, পোশাক, চামড়াশিল্প, জুতা ও ইট কারখানা অন্যতম। মার্কিন শ্রম বিভাগের প্রতিবেদন অনুসারে শিশুশ্রম ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের শ্রম আইন ২০০৬ অনুযায়ী যাদের বয়স ১৪ বছর পূর্ণ হয়নি, তাদের শিশু বলা হয়। প্রচলিত আইনের মাধ্যমে নির্ধারিত বয়সের চেয়ে কম বয়সে কাজে নিয়োজিত সব শ্রমিকই শিশু শ্রমিক। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে শিশুর জন্য শারীরিক, মানসিক ও নৈতিক দিক থেকে ক্ষতিকর এবং শিশুর প্রয়োজন ও অধিকারের সঙ্গে সামঞ্জস্যহীন বঞ্চনামূলক শ্রমই শিশুশ্রম।
শিশুরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হলে শিশুশ্রম বন্ধ করতে হবে। কারণ শিশু শ্রমিক দ্বারা ভারী কাজ করানো হলে শিশুরা পঙ্গুত্ববরণ করতে পারে। ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক কাজে শিশুর মানসিক বিকৃতি দেখা দিতে পারে। সারা বিশ্বে বর্তমানে ভয়ংকর এক পেশার নাম শিশুশ্রম। শিশু শ্রমিকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিন জীবন ধারণ আর দুবেলা দুমুঠো অন্নের জন্য পরিবার-পরিজন জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের দিয়ে কাজ করাতে দ্বিধাবোধ করছে না। মূলত নিজেদের অর্থাৎ পরিবারের সংসার চালানোর জন্য শিশুদের শ্রমবাজারে পাঠিয়ে দিচ্ছে। মূলত দারিদ্র্যই শিশুশ্রমের কারণ। যে বয়সে তাদের খাতা-কলম নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, ঠিক সে বয়সে শুধু দারিদ্র্যের কারণেই ওরা শিশু শ্রমিক। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী শিশু শ্রমিকের সংখ্যা ৮৫ লাখের ওপরে। বেশির ভাগ ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিকের অংশগ্রহণ রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে রয়েছে মোটর ওয়ার্কশপে কাজ করা, ওয়েল্ডিং, গ্যাস কারখানা, মাদক বহন, বিড়ি কারখানা, বাস-ট্রাকের হেলপার, লেগুনার হেলপার, নির্মাণ শ্রমিক, ইট টানার শ্রমিক, গৃহশিশু শ্রমিক, এমব্রয়ডারি, জাহাজশিল্প, চিংড়ি হ্যাচারি, শুঁটকি তৈরি, লবণ কারখানা, বেডিং স্টোরের শ্রমিক, ইটভাঙা, হোটেল শ্রমিক, ট্যানারি, রংমিস্ত্রি, কাঠমিস্ত্রির কাজ, যৌনকর্ম, ক্যান্টিন, ময়লা-আবর্জনার কাজসহ আরো বিভিন্ন কাজ।
শিশুশ্রমের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হয়। বাংলাদেশের শ্রম আইনে আছে ১৪ বছরের কম বয়সীদের কাজে নিয়োগ দেওয়া যাবে না। আমরা মনে করি, এই আইনের প্রয়োগ করতে হবে কঠোরভাবে। আমরা সার্বিকভাবে শিশুশ্রম নিরসন করতে চাই। কিন্তু সামাজিক অবস্থা বিবেচনা করে ১২ বছরের ঊর্ধ্বে এবং ১৪ বছরের নিচে শিশুদের শ্রমবাজারে পাঠালে শ্রম আইনের ৪৪ ধারা অনুযায়ী তাকে হালকা ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া যেতে পারে এবং ৪১ ধারা অনুযায়ী শিশু বা কিশোর শ্রমিকদের দৈনিক পাঁচ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। ঝুঁকিপূর্ণ বা নিকৃষ্ট ধরনের শ্রমে জড়িত শিশুদের সে কাজ থেকে প্রত্যাহার, শ্রমজীবী শিশুদের দারিদ্র্যের চক্র থেকে বের করে আনার লক্ষ্যে তাদের মা-বাবাকে আয় বৃদ্ধিমূলক কর্মকা-ে সম্পৃক্ত করা, শ্রমজীবী শিশুদের স্কুলে ফিরিয়ে আনার জন্য বৃত্তি ও আনুতোষিক প্রদান, শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মা-বাবা, সাধারণ জনগণ ও নিয়োগকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। এর জন্য সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করে এগিয়ে আসতে হবে।
পারিপার্শ্বিক অবস্থা ও পরিস্থিতির কারণে কোনো কোনো শিশু একসময় শ্রমে নিয়োজিত হয়ে যায়। কর্মপরিবেশ শিশুর মানসিক স্বাস্থ্য তথা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর সামর্থ্য অনুযায়ী ঝুঁকিবিহীন কাজ দেওয়া, শিশুর নির্ধারিত বয়স অনুযায়ী কাজে নিযুক্ত করা এবং ১৪ বছরের কম বয়সী শিশুদের সার্বক্ষণিক কর্মঠ হিসেবে নিয়োগ না দেওয়া, গৃহকর্মে নিয়োজিত শিশুর মৌলিক অধিকার, শিশুকে নির্যাতন না করা, অমর্যাদাকর বা মানহানিকর কোনো কাজে শিশুকে নিয়োজিত করা আইনবিরোধী ও শাস্তিযোগ্য। শিক্ষা ও বিনোদন শিশুর মৌলিক অধিকার। নিয়োগকর্তাকে নির্দিষ্ট কর্মঘণ্টা পর বিরতি দিয়ে শিশুর শিক্ষা ও বিনোদনের সুযোগ দেওয়া এবং কর্মঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর শিশুর যথাযথ শিক্ষা ও বিনোদনের জন্য পর্যাপ্ত সুযোগ ও ব্যবস্থা গ্রহণের বিষয়টি মালিক বা নিয়োগকর্তাকে নিশ্চিত করতে হবে। কর্মকালীন দুর্ঘটনায় পতিত হলে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার নিয়োগকর্তাকে নিতে হবে।
আসলে যেকোনো মূল্যে শিশুশ্রম বন্ধ করতে হবে এবং সেটা সম্ভব চলমান সমাজব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে। যেখানে শ্রেণি-বৈষম্য তথা ধনী ও গরিবের ব্যবধান কমবে এবং উপার্জনক্ষম প্রত্যেক ব্যক্তির কর্মের নিশ্চয়তা থাকবে। মনে রাখতে হবে, আজকের এই শিশুরাই ভবিষ্যৎ প্রজন্মকে পরিচালনা করবে। সর্বোপরি সামাজিক সচেতনতা, সরকারের শিল্প-সম্পর্কিত বিভাগের নিবিড় তদারকি, সুন্দর ও ভ্রাতৃত্ববোধসম্পন্ন মানসিকতা, সোশ্যাল ওয়েলফেয়ার চেতনার রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, সবগুলোর সমন্বয় ঘটিয়ে শিশুশ্রম নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাই সরকার ও মালিক বা নিয়োগকর্তাকে এখনই শিশুশ্রম বন্ধে এগিয়ে আসতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে।
লেখক : সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র

বাংলাদেশ সময়: ১৬:৫১:১৮   ৯৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা
নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় ভোলায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা
বোরহানউদ্দিনে পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু
বোরহানউদ্দিনে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ভোলায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস: মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান
৫০ বছরে শিশু একাডেমি, শিশু অধিকার দিবসে ভোলার সংযুক্তিতে নতুন দীপ্তি
বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু মা-বাবা গুরুতর আহত
দৌলতখানে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ



আর্কাইভ