
চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশন উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, প্লাস্টিকের ব্যবহার বর্জনে সচেতনতামূলক প্রচারণা এবং চরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক ও ফ্যাশন স্কয়ারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি এস এম ফিদা হাসানের নেতৃত্বে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন, ভোলা জেলার আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ক্যাম্পেইনের অংশ হিসেবে চরফ্যাশন শিশু ও বিনোদন পার্ক এবং ফ্যাশন স্কয়ারের বিভিন্ন দোকানির সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার কমানো, পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২১:০০:০১ ৮১ বার পঠিত