
স্টাফ রিপোর্টার ॥
দ্বীপজেলা ভোলার মূল ভূখন্ডের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নির্বিঘ্ন যোগাযোগের প্রাণের দাবি ‘ভোলা-বরিশাল সেতু’ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জোর তৎপরতা শুরু করেছে ‘ভোলা সমিতি, ঢাকা’। সোমবার (০২ নভেম্বর) রাজধানীর ট্রপিক্যাল ক্যন্ট ভিউতে অবস্থিত সমিতির প্রশাসনিক কার্যালয়ে ‘ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন কমিটি’র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ভোলার কোটি মানুষের প্রাণের দাবি এই সেতুটি দ্রুত নির্মাণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও মৌলিক দাবি। মূল ভূখন্ডের সাথে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে ভোলার অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে। চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা খাতে ভোলাবাসী আর পিছিয়ে থাকবে না। এই দাবি বাস্তবায়নে ভোলাবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

সভায় ভোলা সমিতি, ঢাকা-এর সভাপতি অধ্যাপক ড. মো: মাকসুদ হেলালী সেতু বাস্তবায়নে সমিতির পক্ষ থেকে সব ধরনের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী এ. টি. এম. মহিউদ্দিন ফারুকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসাইন হাওলাদার, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাজী আব্দুল আজিজ, প্রফেসর মোহাম্মদ হাসান, মো: নোমান হোসেন, মিজ নাহিদ নুসরাত তিশা, মিজ হালিমা আক্তার কনা।
বক্তারা অবিলম্বে ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ দৃশ্যমান করতে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি পদক্ষেপ দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৩:০৪:১৩ ৯১ বার পঠিত