
ছোটন সাহা ॥
খেলার মাঠে ধারাভাষ্য দিয়ে যার শুরু, সেই অভিজ্ঞতাই আজ তাঁকে আত্মবিশ্বাসী করেছে গানের মঞ্চ, আবৃত্তি, অভিনয় ও উপস্থাপনায়। তিনি তালহা তালুকদার বাঁধন। ভোলার সাংস্কৃতিক অঙনের পরিচিত মুখ।
মাইক্রোফোন হাতে পথচলার ২৫ বছর পূর্ণ করেছেন ক্রীড়া ধারাভাষ্যকার তালহা তালুকদার বাঁধন। দীর্ঘ এই পথচলাকে তিনি দেখছেন শুধু একটি পেশাগত অভিজ্ঞতা হিসেবে নয়, বরং নিজের ভয় জয় করে আত্মবিশ্বাসী হয়ে ওঠার এক দীর্ঘ শিক্ষাযাত্রা হিসেবে।
খেলার মাঠে হাজারো দর্শকের সামনে দাঁড়িয়ে ধারাভাষ্য দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল তাঁর এই যাত্রা। খেলার প্রতিটি মুহূর্ত, উত্তেজনা ও রোমাঞ্চ তাৎক্ষণিকভাবে শব্দের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে সাবলীলভাবে কথা বলতে, দ্রুত সিদ্ধান্ত নিতে এবং যেকোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করতে।
তালহা তালুকদার বাঁধনের মতে, খেলার মাঠের সেই ২৫ বছরের অভিজ্ঞতাই তাঁর পরবর্তী সাংস্কৃতিক ও গণমাধ্যমভিত্তিক কর্মকা-ের সবচেয়ে বড় পুঁজি।
বর্তমানে তিনি নিয়মিত মঞ্চে গান পরিবেশন, আবৃত্তি, অনুষ্ঠান উপস্থাপনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রতিটি ক্ষেত্রেই ধারাভাষ্যের অভিজ্ঞতা তাঁকে বাড়তি সাহস ও আত্মবিশ্বাস জুগিয়েছে।
বিশেষ করে গানের মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গান পরিবেশনের পেছনেও রয়েছে খেলার মাঠে হাজারো মানুষের সামনে কথা বলার দীর্ঘ অভিজ্ঞতা।
বাধন বলেন খেলার মাঠই আমাকে মঞ্চ চিনিয়েছে, আর মাইক্রোফোন চিনিয়েছে নিজের কণ্ঠের শক্তি।
তিনি মনে করেন, একটি মাইক্রোফোনের হাত ধরেও একজন মানুষ নিজের ভয়কে জয় করে জীবনের নানা অঙ্গনে প্রতিষ্ঠিত হতে পারেন। প্রয়োজন শুধু সাহস, চর্চা, অভিজ্ঞতা ও নিজের প্রতি বিশ্বাস।
২৫ বছরের এই পথচলায় মানুষের ভালোবাসা, অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতাকে জীবনের অমূল্য অর্জন হিসেবে দেখছেন তিনি।
কৃতজ্ঞতা জানিয়েছেন সেই খেলার মাঠ, মাইক্রোফোন এবং শ্রোতা-দর্শকদের প্রতি, যাঁদের অনুপ্রেরণা তাঁকে আজও এগিয়ে যাওয়ার শক্তি জোগাচ্ছে।

তালহা তালুকদার বাঁধনের কাছে ধারাভাষ্য এখন আর শুধু খেলার বর্ণনা নয়; এটি আত্মবিশ্বাসী হয়ে ওঠার এক দীর্ঘ শিক্ষাযাত্রা। সময় পেরিয়েছে ২৫ বছর, কিন্তু মাইক্রোফোনের প্রতি ভালোবাসা আজও প্রথম দিনের মতোই অমলিন।
ভোলা শহরের সার্কুলার রোড এলাকার বাসিন্দা বাঁধন শুধু উপস্থাপনায় পরিচিত নন, তিনি সংগীত শিল্পী হিসেবেও বেশ পরিচিত।
বাঁধন বলেন, আমার শুরুটা হয় ২০০১ সালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজকের ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন ভাই আয়োজিত একটি জমকালো টেপ টেনিস ক্রিকেট লীগ থেকে। সেই লীগে আমি একতা সংঘের হয়ে খেলেছি এবং সেখান থেকেই মাইক্রোফোন হাতে তুলে নেয়া। এরপর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন ভাই আমার হাতে জেলা ক্রীড়া সংস্থার সকল বড় ছোট আয়োজনের মাইক্রোফোন হাতে নেয়ার দায়িত্ব তুলে দেন। মূলত তার হাত ধরেই এই পথে চলাটা এত সহজ হয়। তিনি সবসময় চাইতেন আমি ভোলা সহ দেশের বিভিন্ন জেলায় যেন ধারাভাষ্য দেই। এবং পরবর্তীতে সেই সুযোগ হয়েছে। জাতীয় ভলিবল ফেডারেশন পরিচালনা কমিটি তাদের জাতোয় ইভেন্টে আমাকে ধারাভাষ্য দেয়ার ব্যবস্থা করেন। নাটোরে প্রয়াত কিংবদন্তী ধারাভাষ্যকার খোদাবক্স মৃধার পাশে বসে মাইক্রোফোন ধরার সুযোগ সৃষ্টি হয় ইয়ারুল আলম লিটন ভাইর হাত ধরেই। তিনি জাতীয় দিবস গুলোতে মাঠে যে কুচকাওয়াজ ও শিশু সমাবেশ হয় সেখানেও প্রথম আমাকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অন্তর্ভুক্ত করেন। খেলার মাঠে অনেক তারকা খেলোয়ার ও ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছি। বিশেষ করে জাতীয় শেরে বাংলা কাপের আঞ্চলিক পর্যায়ের খেলায় ভোলা এবং ঝালকাঠির ম্যাচ শেষে আজকের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইয়ের সাক্ষাৎকার গ্রহণ করেছি।
এরপর সিডর পরবর্তী সময়ে ঘটনার স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এসছে একটি প্রীতি ম্যাচ খেলতে সেখানে আরিফ খান জয়, আলফাজ হোসেন, আমিনুল হক, মাসুদ রানাসহ অনেকের সাক্ষাৎকার গ্রহণ করেছি হাজারো মানুষের সামনে। প্রথম জাতীয় মহিলা ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন ভোলা জেলা দল যেখানে দেশের বিভিন্ন প্রান্তের নারী ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন বিশেষ করে সালমা ইসলাম পান্নাসহ নারী ক্রিকেটের শুরুর দিকে তারকাদের সাক্ষাৎকার গ্রহণ করেছি এবং তাদের ম্যাচের ধারাভাষ্য দিয়েছি। মাঠে পুরস্কার বিতরণী মঞ্চে অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ ও সচিব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য তুলে ধরি।
২৫ বছর পেরিয়েছে, কিন্তু মাইক্রোফোনের প্রতি ভালোবাসা আজও প্রথম দিনের মতোই অমলিন।
কারণ, আমার কাছে ধারাভাষ্য শুধু খেলার বর্ণনা নয়; এটি ছিল আত্মবিশ্বাসী হয়ে ওঠার এক দীর্ঘ শিক্ষাযাত্রা।
আমি এখন নিয়মিত মঞ্চে গান করি আবৃত্তি করি উপস্থাপনা করি মঞ্চে অভিনয় করি। কিন্তু আমার এই অভিজ্ঞতার মধ্যে খুব সুন্দর একটি জীবনদর্শন আছে-একটি মাইক্রোফোনের হাত ধরে কীভাবে একজন মানুষ নিজের ভয়কে জয় করে জীবনের নানা অঙ্গনে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন। সেই আবেগ, স্মৃতি, অর্জন ও কৃতজ্ঞতা সবকিছু।
বাংলাদেশ সময়: ১৩:০২:৫২ ৭৭ বার পঠিত