
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনে অসহায়, দুস্থ ও জেলে পরিবারের জন্য বরাদ্দ সরকারি চাল অন্যত্র নেওয়ার পথে ৩৩ বস্তা চাল জব্দের দাবি উঠেছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা হয়েছে ২৪ বস্তা। জব্দের দাবি করা চালের সঙ্গে প্রশাসনের কাছে জমা হওয়া চালের হিসাবে ৯ বস্তার পার্থক্য নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়ন পরিষদ থেকে দুটি অটোরিকশায় করে চাল অন্যত্র নেওয়ার সময় রানীগঞ্জ রাস্তার মাথায় অটোরিকশা দুটি আটক করেন স্থানীয় বিএনপির দুই নেতা কাজল ও রবিউল।
ওই দুই নেতার দাবি, অটোরিকশা দুটিতে ২৪ বস্তা সরকারি চাল ছিল। অটোরিকশা চলাচল দেখে সন্দেহ হলে তাঁরা চালসহ গাড়ি দুটি আটক করেন। পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পরামর্শ দেন। এরপর তাঁরা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।
তবে অটোরিকশার চালক আলাউদ্দিনসহ দুজনের দাবি, গাড়ি দুটিতে মোট ৩৩ বস্তা চাল ছিল। তাঁদের অভিযোগ, আটক করার পর বাকি ৯ বস্তা চাল সরিয়ে ফেলা হয়েছে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে। পরে ইউএনওর কার্যালয়ে ২৪ বস্তা চাল নেওয়া হয়। বাকি ৯ বস্তার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়ার কাছে তাঁর অনুমতি ছাড়া পরিষদ থেকে কীভাবে চাল বের হলো, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। দুপুর ২টার দিকে বাড়িতে যাওয়ার পর ঘটনাটি জানতে পেরেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবা ইউনিয়নে এর আগেও সরকারি চাল নিয়ে বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া উপজেলার টবগী, দেউলা ও হাসাননগরসহ কয়েকটি ইউনিয়নেও সরকারি চাল বিতরণ ও ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ৩৩ বস্তা চালের দাবির বিপরীতে ২৪ বস্তা প্রশাসনের কাছে জমা হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। বাকি ৯ বস্তা চালের প্রকৃত অবস্থান, ইউনিয়ন পরিষদ থেকে চাল বের করার প্রক্রিয়া এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি উঠেছে।
বাংলাদেশ সময়: ১৩:০১:২৪ ৯৭ বার পঠিত