দুর্যোগে আতঙ্কের জনপদ ঢালচরে নেই আশ্রয়কেন্দ্র

প্রচ্ছদ » চরফ্যাশন » দুর্যোগে আতঙ্কের জনপদ ঢালচরে নেই আশ্রয়কেন্দ্র
রবিবার, ১ নভেম্বর ২০২৬



---

বিশেষ প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ঢালচর ইউনিয়ন। তবে এ ইউনিয়নের মানুষের কাছে আতঙ্কের নাম ঝড় ও জলোচ্ছ্বাস। কারণ বিচ্ছিন্ন এ ইউনিয়নের মানুষের নিরাপত্তার জন্য আজও গড়ে ওঠেনি কোনো সাইক্লোন শেল্টার। ফলে আতঙ্ক নিয়েই বসবাস করতে হয় তাদের।

সরেজমিনে জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার অন্তর্ভুক্ত ঢালচর ইউনিয়ন। শত বছর আগেই এখানে বসতি গড়ে ওঠে। ইউনিয়ন ঘোষণা হয় ২০১০ সালের দিকে। এখানকার মানুষের প্রধান সমস্যা নদীভাঙন। গত ১৪-১৫ বছরে ঢালচর ইউনিয়নের কয়েক কিলোমিটার এলাকা নদীভাঙনের শিকার হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বসতঘর, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। নিস্ব হয়েছে শত শত পরিবার। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ঢালচরের মানুষের।ঢালচর ইউনিয়নের বর্তমানে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। তাদের আয়ের উৎস মৎস্য শিকার ও গবাদি পশুপালন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলোচ্ছ্বাসের সময় তাদের বসতঘরে পানি উঠে পড়ে। সাগর মোহনায় হওয়ায় মেঘনা নদী ভয়ংকর রূপ ধারণ করে ৪-৫ ফুট পানি উঠে পড়ে ঢালচরে। সাইক্লোন শেল্টার না থাকায় তখন শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিতে হয়। কেউ কেউ আবার পানির মধ্যেই বসতঘরে খাটের ওপরে থাকতে বাধ্য হন।

কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে যান দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। নারী, পুরুষ ও শিশুরা গেলেও সঙ্গে নিতে পারেন না গবাদিপশু। এতে প্রতিবছরই পানিতে ভেসে যায় শত শত গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি।

---

ঢালচর ইউনিয়নের মাঝেরচর বাজার এলাকার স্থানীয় বাসিন্দা কামাল হোসেন মাঝি ও গৃহিণী বকুল বেগম জানান, তাদের জন্ম হয়েছে ঢালচরে। তাদের বাবা ও দাদারাও এখানে বসবাস করতেন। নদীভাঙনে বসত হারিয়েছেন কয়েকবার। বর্তমানের তারা মাঝেরচর বাজারে সরকারি জমিতে টিনশেডের ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছেন। প্রতিবছর শীতকালের অপেক্ষায় থাকেন তারা। ওইসময় ঝড় ও জলোচ্ছ্বাসে পানি ঢালচরে প্রবেশ করে না। তাই শীতকালে নিরাপদ থাকেন তারা।

তারা আরও জানান, প্রতিবছর শীত শেষে যখন বর্ষার মৌসুম আসে তখন তাদের জীবনের ঝুঁকি বাড়ে। মে মাস থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চরমভাবে আতঙ্কে দিন কাটে তাদের। ওই সময় হঠাৎ ঝড়-জলোচ্ছ্বাস হয়। ঝড় ও জলোচ্ছ্বাসে পানিতে ঢালচরের বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। বাতাসের তীব্রতা বেশি থাকলে ৪-৫ ফুট পানি ওঠে। তখন তাদের নিরাপদ আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকে না। ঢালচরে সাইক্লোন শেল্টার থাকলে অন্তত দুর্যোগ মুহূর্তে আশ্রয় নিতে পারতেন।

একই এলাকার বাসিন্দা ঝুমুর আক্তার ও বিলকিস বেগম বলেন, ‘জলোচ্ছ্বাস ও জোয়ারের পানির তীব্র স্রোতে আমাদের বসতঘর তলিয়ে যায়। তখন ঘাটের ওপরে আশ্রয় নিতে হয়। বাতাস বেশি থাকলে পানির মধ্যে হেঁটে হেঁটে উঁচু স্থানে রাস্তার পাশে ত্রিপল ও পলিথিন গায়ে দিয়ে বসে থাকি। আমাদেরতো এখানে কোনো সাইক্লোন শেল্টার নেই। সাইক্লোন শেল্টার থাকলে অন্তত ঝড়-বাতাসের কথা শুনেই সাইক্লোন শেল্টারে দিয়ে আশ্রয় নিতে পারতাম।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ‘বহু বছর ধরে এমন সমস্যা নিয়ে আমরা ঢালচরে বসবাস করছি কিন্তু আমাদের কথা কোনো সরকার ভাবে না। আমরা কি নির্বাচনে ভোট দেই না? আমাদের ভোটেই এমপি-মন্ত্রী-চেয়ারম্যান-মেম্বার হয় কিন্তু তারা আমাদের কথা ভাবে না। নির্বাচনের সময় ভোট নেওয়ার জন্য অনেক স্বপ্ন দেখায় আমাদের, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে আর খবর থাকে না।

শান্তিনগর এলাকার বাসিন্দা ফয়েজ মাঝি ও হারুন মাঝি বলেন, ‘বাবা-দাদারা ঢালচরে স্থায়ীভাবে থাকতেন। আমরাও থাকি। আমাদের অন্য কোথায় জমি ও ঘর নেই। গরিব মানুষ তাই ঢালচরেই পড়ে আছি। টাকা থাকলে তো এই সাগর মোহনায় পড়ে থাকতাম না। এখানে কোনো নিরাপত্তা নেই।’

আনন্দবাজার এলাকার বাসিন্দা মো. শাহে আলম ও ইউসুফ মাঝি। দুর্যোগে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তারা বলেন, ‘ঢালচরে সাইক্লোন শেল্টার না থাকায় ঝড়-বাতাস ও জোয়ারে পানি উঠলে শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে উঁচু স্থানে কারও বাড়িতে আশ্রয় নিতে হয়। তাও অনেক আতঙ্কে থাকি। কারণ তখন ওই বাড়িতে গাছ ভেঙে পড়ার আতঙ্ক থাকে। বাতাসে টিন উড়ে যায়। গরু-ছাগল, হাঁস-মুরগি ভেসে যায়।’ তারুয়া এলাকার বাসিন্দা লিজা বেগম ও আরজু আক্তারের ভাষ্য, ‘একটি সাইক্লোন শেল্টারের কারণে আমরা ১২ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছি কিন্তু কারও কোনো মাথাব্যথা নেই। আমরা সরকারের কাছে একটি সাইক্লোন শেল্টার চাই।’ এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ‘ঢালচরে অনেক আগেই সাইক্লোন শেল্টার হওয়া দরকার ছিল। আমরা বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাব। আশা করি বাস্তবায়ন হবে।’

বাংলাদেশ সময়: ১১:২৫:২০   ১১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
কুঁচে শিকারেই জীবিকা
আগাম সবজি চাষে লাভের আশার আড়ালে বাড়তি খরচ ও ঝুঁকি
মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডজন খানেক প্রার্থীর ভীড়ে জিন্নাগড়ের চেয়ারম্যান পদে যুবদল নেতা বাঁধন আলোচনায়
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চরফ্যাশনে যুবকের মৃত্যু
চরফ্যাশনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ভয়াল ১২ নভেম্বর স্মরণে আলোচনা সভায় উপকূলয় দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি



আর্কাইভ