
আদিল হোসেন তপু।।
ভোলার মনপুরায় অসহায় জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চাল বিক্রির অভিযোগ উঠেছে ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল খালেক সেলিম মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় চৌধুরী বাজারসংলগ্ন একটি বসতঘর থেকে এক টন চাল উদ্ধারের খবর পাওয়া গেছে। চাল কেনার কথা স্বীকার করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। তবে উপজেলা প্রশাসনের দাবি, চালগুলো পূজার জন্য বরাদ্দ করা হয়েছিল এবং সেলিম মোল্লা সেগুলো কিনেছিলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাজারসংলগ্ন ব্যবসায়ী জামালের বসতঘরে এসব চাল পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বস্তায় থাকা চালগুলো ঘরের ভেতরে বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
চাল কেনার বিষয়ে ব্যবসায়ী জামাল বলেন, “আমি সেলিম মোল্লার কাছ থেকে ২৭ হাজার টাকা দিয়ে এক টন চাল কিনেছি। তবে চাল কেনার কোনো রসিদ আমার কাছে নেই।”
চালের বস্তাগুলোতে কালো কালি দিয়ে ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থবছর ২০২৫-২৬’ লেখা রয়েছে। ফলে চালগুলোর বরাদ্দ, প্রকৃত মালিকানা এবং বিক্রির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সাংবাদিকেরা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
উপজেলা খাদ্যগুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা রাসেল বলেন, “পূজার জন্য বরাদ্দ করা চাল সেলিম মোল্লা কিনেছেন। তিনি আজ সকালে চাল নিয়েছেন। তিনি সরকারি চালের কোনো ডিলার নন।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব জানান, চালগুলো পূজার জন্য বরাদ্দ করা হয়েছিল। সেলিম মোল্লা সেগুলো কিনেছিলেন। পরে চালগুলো বিক্রি করা হয়েছে।
অন্যদিকে, এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সাংবাদিকদের মোবাইল ফোনে একাধিকবার কল করেছেন বলে অভিযোগ উঠেছে সেলিম মোল্লার ভাই ও উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল খালেক সেলিম মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১:৩২:২৪ ১২৯ বার পঠিত