
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদরের ২নং পূর্ব ইলিশায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। চুরি ও মাদকের ভয়াবহ উৎপাত দমনের দাবিতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে রাস্তার মাথা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক কারবারী ও চোর চক্রের উৎপাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
গত কয়েকদিনে এই দুই ইউনিয়নের অন্তত অর্ধ-শতাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা।
বক্তারা সরাসরি অভিযোগ করে বলেন, এলাকার চিহ্নিত চোর কামাল রাঢ়ী, মিরাজ, সুমন ও মহিউদ্দিনের নেতৃত্বে এসব চুরির ঘটনা ঘটছে। কিন্তু অদৃশ্য কোনো শক্তির ইশারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাঝেমধ্যে পুলিশ দু-একজনকে আটক করলেও রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে কয়েক দিনের মধ্যেই তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। দিনের পর দিন সাধারণ মানুষের শেষ সম্বলটুকু লুট হয়ে গেলেও ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছিল না।

মানববন্ধন থেকে অবিলম্বে চিহ্নিত মাদক কারবারী ও চোর এবং তাদের মদদদাতাদের গ্রেপ্তারসহ এলাকাকে অপরাধ মুক্ত করার জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, ২নং ইলিশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজ সিকদার, মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ পাটোয়ারী, জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাইনউদ্দিন হাওলাদার, রাস্তার মাথা জামে মসজিদের খতিব মাওলানা সিয়াব উদ্দিন শিবপুরী, সমাজসেবক আনোয়ার হোসেন (সাদ্দাম) এবং স্বপ্নপূরণ সংগঠনের সদস্য সচিব নিরবসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এদিকে, গত ৫ অক্টোবর-২০২৬ দিবাগত রাত ২টার সময় স্বপ্নপূরণ সংগঠনের সদস্য সচিব নিরব হোসেনের বাসায় চুরি হয়। এসময় চোরচক্র চুরি ১ তিন জোড়া কানের ঝুমকা, তিন জোড়া হাতের রুলি, তিনটা গলার চেইন, চারটা আংটি, তিনটা নাকের ফুল, দুই জোড়া কানের রিং এবং নগদ ত্রিশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় স্বপ্নপূরণ সংগঠনের সদস্য সচিব নিরব হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৪:৩১:৫৪ ১৩১ বার পঠিত