চরফ্যাশনে পদত্যাগের পর পদে ফেরার চেষ্টার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে পদত্যাগের পর পদে ফেরার চেষ্টার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



---

জি এম ছানাউল্লাহ ॥

ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসার সহ-সুপার মো. ইকবাল হোসাইনের বিরুদ্ধে চাকরি থেকে পদত্যাগের প্রায় এক বছর পর ফের পদে ফেরার চেষ্টা এবং সরকারি বেতন-ভাতা উত্তোলনের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। মাদ্রাসার হাজিরা খাতায় তার নামের পাশে ‘ইস্তফা’ লেখা এবং পরবর্তী ক্লাস রুটিনে তার নাম না থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার নিয়োগ প্রক্রিয়াতেও অনিয়ম ও ভুয়া স্বাক্ষর ব্যবহারের তথ্য উঠে এসেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে।

মাদ্রাসার নথিপত্র সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মো. ইকবাল হোসাইন ২০২৫ সালের ৩১ আগস্ট চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরে মাদ্রাসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজাহান ও সভাপতি অধ্যক্ষ মীর শরীফ হোসাইনের স্বাক্ষরে তার ইনডেক্স বাতিলের (ডিলিট) জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এরপর থেকে তিনি নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশ নেননি বলে মাদ্রাসা সূত্রে জানা গেছে।

মাদ্রাসার হাজিরা খাতায় তার নামের পাশে ইস্তফা উল্লেখ রয়েছে। একই সঙ্গে পরবর্তী সময়ের ক্লাস রুটিনেও তার নাম পাওয়া যায়নি। এমন অবস্থায় কীভাবে তিনি পুনরায় প্রতিষ্ঠানে ফেরার চেষ্টা করছেন এবং তার বেতন-ভাতা উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে, ইকবাল হোসাইনের নিয়োগ প্রক্রিয়া নিয়েও গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিনের করা তদন্ত প্রতিবেদনে ২০২৪ সালের নিয়োগসংক্রান্ত রেজুলেশনে অনিয়মের তথ্য উঠে আসে। প্রতিবেদনে পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের ভুয়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে নিয়োগ প্রক্রিয়া স¤পন্ন করা হয়। তদন্তের সময় ইকবাল হোসাইনকে নিয়োগসংক্রান্ত মূল নথিপত্রসহ হাজির হতে বলা হলেও তিনি তা দেখাতে পারেননি। এমনকি মাদ্রাসার অফিসের সংশ্লিষ্ট নথিতেও তার নিয়োগের প্রয়োজনীয় মূল কাগজপত্র পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাদ্রাসার সহকারী শিক্ষক (আরবি) মো. হেলাল উদ্দিন বলেন, “সহ-সুপার পদত্যাগ করার পর থেকে আমাদের হাজিরা খাতায় তার নামের স্থানে ‘ইস্তফা’ লেখা রয়েছে। ক্লাস রুটিনেও তার কোনো নাম নেই।”

তবে অভিযোগ অস্বীকার করে পদত্যাগকৃত সহ-সুপার মো. ইকবাল হোসাইন বলেন, “আমি নিজের ইচ্ছায় পদত্যাগ করিনি। অসুস্থ থাকাকালে প্রতিষ্ঠান প্রধান ও দাতা সদস্য ছালাম জমাদার আমাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছেন।

মাদ্রাসার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি অধ্যক্ষ মীর শরীফ হোসাইন বলেন, সহ-সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন নিজেই পদত্যাগ করেছেন। তার পদত্যাগের আবেদনটি ম্যানেজিং কমিটির সভায় গৃহীত হয়েছে। পাশাপাশি এমপিওভুক্ত তালিকা থেকে তার নাম কর্তনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজকে ফোন করা হলেও তিনি কলটি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, একটি মহল ওই সহ-সুপারের বেতন পাশ করানোর জন্য তদবির করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার বেতন পাশ হয়নি বলে সূত্রটি দাবি করেছে।

এ অবস্থায় ইকবাল হোসাইনের পদত্যাগের কার্যকারিতা, এমপিওভুক্ত তালিকায় তার বর্তমান অবস্থান, নিয়োগের বৈধতা এবং দায়িত্বে না থেকেও কোনো বেতন-ভাতা উত্তোলনের চেষ্টা বা সুযোগ তৈরি হয়েছিল কি না এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথিপত্র যাচাই ও তদন্তের মাধ্যমে পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৪:২৪:১০   ১১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
কুঁচে শিকারেই জীবিকা
আগাম সবজি চাষে লাভের আশার আড়ালে বাড়তি খরচ ও ঝুঁকি
মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে চরফ্যাশনে কৃষকের বাজিমাত
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডজন খানেক প্রার্থীর ভীড়ে জিন্নাগড়ের চেয়ারম্যান পদে যুবদল নেতা বাঁধন আলোচনায়
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চরফ্যাশনে যুবকের মৃত্যু
চরফ্যাশনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ভয়াল ১২ নভেম্বর স্মরণে আলোচনা সভায় উপকূলয় দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি



আর্কাইভ