
স্টাফ রিপোর্টার ॥
তৌহিদী জনতা ও স্থানীয় ওলামায়ে কেরামের তীব্র প্রতিবাদ এবং আল্টিমেটামের মুখে ভোলা ছাড়তে বাধ্য হয়েছেন কুতুববাগী পীর সৈয়দ জাকির শাহ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে প্রশাসনের সহায়তায় তিনি নিরাপদে ভোলা ত্যাগ করেন।
গত ৫ অক্টোবর ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নে কুতুববাগী পীরের একটি কর্মসূচিতে অংশ নেওয়ার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরপরই স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ তৌহিদী জনতার মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর কুতুববাগী পীরের সকল কার্যক্রম স্থগিত ও তাকে অবিলম্বে ভোলা ছাড়ার দাবিতে ভোলা খলিফা জামে মসজিদে সমবেত হন ধর্মপ্রাণ মানুষ ও ওলামায়ে কেরাম। সেখানে আয়োজিত সমাবেশ থেকে তাকে বিকেল ৪টার মধ্যে ভোলা ত্যাগের সময়সীমা (আল্টিমেটাম) দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ভোলা না ছাড়লে আসরের পর তার অবস্থান ঘেরাও করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
ঘোষিত আল্টিমেটামের সময় পার হওয়ার পর তৌহিদী জনতা ও ওলামায়ে কেরাম নিজাম হাসিনা মসজিদের সামনে জড়ো হন। এ সময় আন্দোলন কর্মসূচির আহ্বায়ক ও ভোলা রতনপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মিজানুর রহমান জানান, আল্টিমেটামের নির্ধারিত সময়ের আগেই কুতুববাগী পীর ভোলা ত্যাগ করেছেন।
তিনি বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাদের আশ্বস্ত করেছেন যেন ভোলায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের সার্বিক হেফাজতে তাকে নিরাপদে লঞ্চে তুলে দেওয়া হয়েছে।” জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তিনি স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
ঘটনার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম বলেন, “ইসলাম ধর্মের প্রশ্নে দল-মত নির্বিশেষে আমরা সবাই এক। মানুষের ঈমান ও ধর্মীয় অনুভূতি নিয়ে ছিনিমিনি খেললে কারো সাথেই আপস করা হবে না।”
কর্মসূচির শেষে উপস্থিত সবার অংশগ্রহণে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভোলা বকুলতলা জামে মসজিদের খতিব মাওলানা মীর বেলায়েত হোসেন। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সাধারণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১:০৪:৩৭ ১৪২ বার পঠিত