
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এ সময় জেলেদের বেদড়ক মারধরসহ নগদ ৩০ হাজার টাকা, সোলারের ব্যাটারী এবং মাছ ধরার জাল ছিনিয়ে নিয়ে একটি বোট নদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে বোরহানউদ্দিন থানার হাসান নগর এলাকার জেলে মোঃ জালাল (৬৬) ও তাঁর সঙ্গীরা মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলেন। এ সময় স্থানীয় হারুন মাঝি (৪০) ও মোঃ মামুন (৩২)-এর নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ ট্রলার নিয়ে এসে জেলেদের গালিগালাজ শুরু করে। জেলেরা প্রতিবাদ করলে অভিযুক্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় জখম হওয়া জেলেদের অভিযোগ, হামলাকারীরা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে অভিযুক্তরা জেলেদের বোটে উঠে নগদ ৩০ হাজার টাকা, সোলারের ব্যাটারী ও মাছ ধরার জাল জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং বোটটি ভাঙচুর করে নদীতে ডুবিয়ে দেয়। যাওয়ার সময় এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর আহত জেলেরা তীরে ফিরে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানান এবং পরবর্তীতে বোরহানউদ্দিন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হারুন মাঝি জানান, নদীতে মাছ শিকার করার সময় অনাকাক্সিক্ষতভাবে এ ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২৩:৩০:১১ ১৪৪ বার পঠিত