
মোঃ আব্দুর রহমান হেলাল ॥
শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ভোলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দায়িত্বশীল শিক্ষাশিবির ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে ইসলামী শ্রমনীতির আলোকে শ্রমিক-মালিক সম্পর্ক, ন্যায্য মজুরি ও শ্রমিকের সামাজিক মর্যাদা নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক অধ্যাপক হারুনুর রশিদ খান এবং ভোলা জেলা প্রধান উপদেষ্টা মাস্টার মো. জাকির হোসাইন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সেক্রেটারি মো. বেলায়েত হোসেন।
বক্তারা বলেন, একজন শ্রমিক তার শ্রম ও মেধা দিয়ে উৎপাদন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই তার শ্রমের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। ইসলামী শ্রমনীতিতে শ্রমিকের পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ এবং তার অধিকার সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তারা বলেন, শ্রমিকের অধিকার শুধু বেতন বা মজুরির মধ্যে সীমাবদ্ধ নয়। কর্মক্ষেত্রে নিরাপত্তা, সম্মানজনক পরিবেশ, সামাজিক মর্যাদা এবং ন্যায়সংগত আচরণও শ্রমিকের গুরুত্বপূর্ণ অধিকার। এসব বিষয় নিশ্চিত হলে মালিক-শ্রমিকের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

শিক্ষাশিবিরে ইসলামের ইতিহাস থেকে শ্রম ও নেতৃত্বের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরা হয়। বক্তারা হজরত বেলাল (রা.) ও যায়েদ ইবনে হারেসা (রা.)-এর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ইসলামী আদর্শে মানুষের মর্যাদা পেশা, বংশ বা সামাজিক অবস্থানের ওপর নির্ভরশীল নয়; বরং যোগ্যতা, দায়িত্বশীলতা ও নৈতিকতার ভিত্তিতে মানুষকে মূল্যায়নের শিক্ষা দেওয়া হয়েছে।
প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকরা দেশের উৎপাদন ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের যথাযথ মূল্যায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে উৎপাদনশীলতা ও কর্মপরিবেশ উভয়ই উন্নত হবে।
তিনি শ্রমিকদের কল্যাণে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার ও দায়িত্ব, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, শ্রমিক কল্যাণ এবং ইসলামী শ্রমনীতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩:১২:৫৬ ১৩৩ বার পঠিত