লালমোহনে ধর্ষণের অভিযোগ, সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে ধর্ষণের অভিযোগ, সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্ত, সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করতে আইনানুগভাবে ডিএনএ পরীক্ষা, হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা সারমিন আক্তার রিপা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোলার পত্রিকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব দাবি জানান। এ সময় তিনি সরকার ও জাতীয় সংসদের ¯িপকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার ও নিরাপত্তার দাবি জানান।

লিখিত বক্তব্যে সারমিন আক্তার রিপা অভিযোগ করেন, তার সম্পর্কীয় চাচাতো ভাই মো. সিরাজ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে সিরাজ তার বন্ধু জনতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি) জুলফিকার আলী ওরফে মিজানুর রহমানকে সেখানে নিয়ে আসেন। একপর্যায়ে সিরাজ ও জুলফিকার আলী তাকে ধর্ষণ করেন বলেও অভিযোগ করেন তিনি।

সারমিনের দাবি, ওই ঘটনার পর তিনি অন্তঃসত্ত্বা হন এবং পরবর্তীতে একটি কন্যাসন্তানের জন্ম দেন। তিনি জুলফিকার আলী ওরফে মিজানুর রহমানকে শিশুটির বাবা দাবি করলেও তিনি পিতৃত্ব স্বীকার করছেন না এবং ডিএনএ পরীক্ষায় সম্মতি দিচ্ছেন না বলে অভিযোগ করেন সারমিন।

তিনি বলেন, “আমি কারও বিরুদ্ধে অন্যায় করতে চাই না। আমি শুধু সত্য জানতে চাই। আইনানুগ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃপরিচয় নিশ্চিত করা হোক। পরীক্ষায় পিতৃত্ব প্রমাণিত হলে আমার সন্তানের আইনগত অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।”

সংবাদ সম্মেলনে সারমিন আরও অভিযোগ করেন, মামলা করার পর থেকে তাকে মামলা তুলে নিতে এবং মুখ বন্ধ রাখতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তার ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তাকে ও পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তার অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চটি টিয়া গ্রামের বসতবাড়িতে হামলা চালানো হয়। এ সময় সিরাজ ও জুলফিকার আলীর ইন্ধনে মামুন হাওলাদার, বসার হাওলাদার, ওসমান গনি, সোহাগ, জিহাদ, মেহেদী হাসান, সাজু, সিয়াম, আকাশ, মিজান ও রুহুল আমিন কাজীসহ কয়েকজন বাড়িতে এসে তাকে মারধর, ঘরবাড়ি ভাঙচুর এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

হামলার সময় তার অসুস্থ ও বয়স্ক মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন সারমিন। তিনি বলেন, তার মা নামাজ পড়ার সময় বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে সোহাগ পেছন থেকে তাকে লাথি মারেন।

এ ছাড়া তাকে সামাজিক ও আইনি চাপে রাখতে মাদক দিয়ে ফাঁসানোর এবং মিথ্যা মাদক মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সারমিন। তার মায়ের বিরুদ্ধেও একটি মামলা করা হয়েছে, যেটিকে তিনি হয়রানিমূলক ও মিথ্যা বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে সারমিন বলেন, ঘটনার পর ভোলার পুলিশ সুপার ও লালমোহন থানা পুলিশ তাকে আইনগত সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছে। তবে মামলা ও বিভিন্ন প্রমাণ থাকার পরও তিনি এখনো কাক্সিক্ষত ন্যায়বিচার পাননি বলে দাবি করেন। ফলে তিনি ও তার সন্তানসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।

তিনি তার সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করতে দ্রুত আইনানুগভাবে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা, ধর্ষণের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ১৩ সেপ্টেম্বরের হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, লুট হওয়া মালামাল উদ্ধারের উদ্যোগ এবং তাকে ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে পুড়িয়ে হত্যার হুমকি ও মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ তদন্তের দাবি জানান তিনি।

সারমিন বলেন, “আমি কোনো প্রতিশোধ চাই না। আমি চাই সত্য উদঘাটিত হোক এবং আইন তার নিজস্ব গতিতে চলুক। আমার সন্তানের পিতৃপরিচয় অনুমান বা কারও কথায় নয়, আইনসম্মত ডিএনএ পরীক্ষা ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হোক।”

তিনি সরকারের কাছে এবং জাতীয় সংসদের ¯িপকার মহোদয়ের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত সিরাজ, জুলফিকার আলী ও অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই সাপেক্ষ।

বাংলাদেশ সময়: ০:১৩:১৭   ৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ