
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে এক ডিলারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ডিলারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং তাঁর ক্যাশবাক্স থেকে ৫৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় তৈয়বুর রহমান মাতাব্বর (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. আব্দুর রহিম ওরফে হাসান ফারাজী (৩০)।অভিযোগপত্রে বলা হয়, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের নিচতলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছিল।
এ সময় পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক অভিযুক্ত তৌয়েবুর রহমান মাতাব্বর ডিলার যুবদল নেতা আব্দুর রহিমের কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে তাঁর ক্যাশবাক্সে থাকা ৫৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
অভিযোগকারীর দাবি, এর আগেও অভিযুক্ত ব্যক্তি তাঁর কাছে একই পরিমাণ টাকা দাবি করে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে অভিযুক্তকে সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি।
ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাঁকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আব্দুর রহিম ওরফে হাসান ফারাজী বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত তৈয়বুর রহমান মাতাব্বরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার লাভের টাকা নিছি, কোন চাঁদার টাকা নয়। এবং আমি তার ব্যবসায়িক পাটনার।
এ বিষয় বোরহানউদ্দিন অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, থানায় অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১:০২:১৬ ৮৫১ বার পঠিত