
স্টাফ রিপোর্টার ॥
ভোলার লালমোহনে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৮৯,৫০০ টাকাসহ মো. মোস্তফা (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪:৫০ ঘটিকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি ভোলার এসআই মো. আবু ইউসুফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালমোহন থানাধীন চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ বেপারী বাড়ির সামনে রায়চাঁদ-লালমোহনগামী পাকা রাস্তার ওপর মাদক উদ্ধার অভিযান চালান। অভিযানকালে মো. মোস্তফাকে আটক করা হয়। পরে তার তল্লাশি চালিয়ে ৩৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৮৯,৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. মোস্তফা লালমোহন থানার চরভূতা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের (সাজিরহাট) মো. হানিফ ও সামর্থ বানুর ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লালমোহন থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৫৯:১০ ৮১ বার পঠিত