
চরফ্যাশন প্রতিনিধি ॥
২০১৩ সালের জাতীয়করণের গেজেট থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা এবং কেজি নীতিমালায় নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্তনা করার দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) চরফ্যাশন প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, চরফ্যাশন, ভোলা-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের জাতীয়করণের গেজেট থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। বিশেষ করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না থাকায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে।
তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার মূল্যায়নের ক্ষেত্রে বিদ্যালয়ের ধরন যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। তাই ২০১৩ সালের জাতীয়করণের গেজেট থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।
একই সঙ্গে কেজি নীতিমালায় এসব বিদ্যালয়ের নিবন্ধন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি তোলেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা। মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ এবং শিক্ষার্থীদের প্রতি বৈষম্য দূর করার দাবি জানান। তারা বলেন, শিক্ষার সুযোগ ও অধিকার নিশ্চিত করতে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
মানববন্ধনে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। বক্তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ সময়: ১২:৫৭:১৯ ১২৫ বার পঠিত