
আদিল হোসেন তপু ॥
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় নতুন করে বিপাকে পড়েছেন উপকূলীয় জেলা ভোলার কয়েক লাখ জেলে। নদী ও সাগরে মাছ ধরতে গিয়ে জ্বালানি খরচ বেড়েছে, অথচ বাড়েনি মাছের দাম কিংবা জেলেদের আয়। ফলে মাছ ধরতে গিয়ে প্রতিদিনই বাড়ছে খরচ, কিন্তু সেই তুলনায় মিলছে না কাক্সিক্ষত আয়।
ইলিশসহ বিভিন্ন মাছের আশায় নদীতে নেমে বাড়তি জ্বালানি খরচ গুনতে হচ্ছে জেলেদের। মাছ কম পাওয়ায় অনেক সময় নৌকা ও ট্রলারের খরচই উঠছে না। এতে লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে তাদের। ভাগ্য পরিবর্তনের আশায় নদীতে মাছ ধরতে গিয়ে অনেকে এখন আরও বেশি ঋণ ও ধারদেনায় জড়িয়ে পড়ছেন। বিশেষ করে এনজিওর কিস্তি পরিশোধ করতে গিয়ে অনেক জেলেকেই পড়তে হচ্ছে চরম আর্থিক সংকটে।
ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী ও উপকূলীয় জলসীমায় বছরজুড়েই ইলিশের সংকট ছিল। কাক্সিক্ষত ইলিশ না পাওয়ায় এমনিতেই লোকসানে রয়েছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। এর মধ্যে হঠাৎ করে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় নতুন করে চাপে পড়েছেন ভোলার নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা।
জেলেরা জানান, একটি মাছ ধরার ট্রলার সাগরে একেকটি ট্রিপে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার জ্বালানি তেল ব্যবহার করে। ফলে লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ায় প্রতিটি ট্রিপেই জ্বালানি খাতে বাড়তি বড় অঙ্কের টাকা গুনতে হবে। এতে মাছ আহরণে ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি লোকসানের আশঙ্কাও করছেন তারা।
নতুন সমন্বিত দরে আগের তুলনায় লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জেলে ইউসুফ মাঝি জানান, ইলিশ মৌসুমে কাক্সিক্ষত মাছ না পাওয়ায় তারা আগে থেকেই লোকসানে রয়েছেন। তার ওপর জ্বালানি তেলের দাম বাড়ায় মাছ ধরতে গিয়ে খরচ আরও বেড়ে যাবে। ফলে অনেক জেলেই সমুদ্রে বা নদীতে ট্রলার পাঠানো নিয়ে নতুন করে চিন্তায় পড়েছেন।
শুধু মাছ আহরণ নয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে মাছ পরিবহন, বরফ উৎপাদন ও সংরক্ষণসহ পুরো মৎস্য সরবরাহ ব্যবস্থায়। এতে শেষ পর্যন্ত বাজারে ইলিশসহ অন্যান্য মাছের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন মৎস্য ব্যবসায়ীরা।
ইলিশার মৎসজীবী আকরাম জানান, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের বাড়তি দাম বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কাক্সিক্ষত মাছ না পাওয়ায় আয় কমে যাওয়ার পাশাপাশি ট্রলার পরিচালনার ব্যয় বেড়ে গেলে অনেক জেলেকেই মাছ ধরায় নিরুৎসাহিত হতে হতে পারে। তাই জ্বালানি তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনা অথবা জেলেদের জন্য ভর্তুকি দেওয়া দরকার।
জেলে সিরাজুল ইসলাম এবছর নদীতে এমনিতেই কম পড়ছে। তার উপর নতুন করে তেলের দাম বৃদ্ধি এটে আমাদের জেলেদের জন্য অনেক কষ্ট কর হয়ে পড়বে। তেলের দাম বাড়ায় নদীতে মাছ ধরার ট্রিপ কমে গিয়ে এনজিওর কিস্তি, দাদন আরো বাড়বে। শোধ যে কিভাবে করবো সেই দুশ্চিন্তায় প্রতিটি জেলে।

ভোলার মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, দেশের মোট ইলিশের চাহিদার প্রায় ৩৪ শতাংশ ভোলা থেকে পূরণ হয়। চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ১ লাখ ৬৮ হাজার। এর বাইরে আরও বিপুলসংখ্যক মানুষ মাছ আহরণ ও সংশ্লিষ্ট কাজে যুক্ত রয়েছেন।
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের দাবি, ইলিশের সংকটের মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মৎস্য খাতের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। তাই জেলেদের কথা বিবেচনা করে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি মৎস্য খাতকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন জানান, হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে জেলেদের মাছ ধরার ব্যয় আরও বেড়ে যাবে। এতে তারা আর্থিকভাবে চাপে পড়বেন। জেলেদের পক্ষ থেকে জানানো দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি বিবেচনা করে জেলেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১:২৪:০২ ২৪২ বার পঠিত