
স্টাফ রিপোর্টার ॥
সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারের পাখা ভেঙে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভোলার চরফ্যাশনের ১৮ জেলে আটকা পড়ে আছেন। উত্তাল সাগরে চলাচল করতে না পেরে ট্রলারটি ভাসমান অবস্থায় রয়েছে। এ ঘটনায় জেলেদের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
আটকা পড়া ১৮ জেলের বাড়ি চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে। স্বজনরা জানান, গত শনিবার চরফ্যাশনের পাঁচকপাট এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি সাগরে যায়। পরে সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারের পাখা ভেঙে গেলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারটির নিয়ন্ত্রণ ও চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রলারটি চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. ফরহাদের মালিকানাধীন। ট্রলারের মাঝি হিসেবে রয়েছেন হানিফ। দুর্ঘটনার পর থেকে সাগরে ভাসমান অবস্থায় রয়েছেন ট্রলারে থাকা জেলেরা।

জেলেদের স্বজনরা জানান, ট্রলারটি বিকল হওয়ার খবর পাওয়ার পর তাঁরা কোস্ট গার্ডের হেল্পলাইন ১৬১১১সহ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করেছেন। তবে এখনো জেলেদের উদ্ধারে কার্যকর সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
তারা আরও, সোনারচর এলাকা দুর্গম হওয়ায় স্থানীয় ট্রলার নিয়ে সেখানে গিয়ে উদ্ধার করাও সম্ভব হচ্ছে না। এ কারণে কোস্ট গার্ড বা নৌবাহিনীর সক্ষম নৌযান দিয়ে দ্রুত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।
দিঘ্য সময় ধরে সাগরে আটকা থাকায় জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে সাগর উত্তাল থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশ সময়: ১৭:০০:২৫ ১২৩ বার পঠিত