
স্টাফ রিপোর্টার ॥
ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেল চরে জাতীয় সংসদের স্পিকারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদল নেতা শাহজাহানের বিরুদ্ধে। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মাছ ব্যবসায়ী মনজুর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ক্যাশ বাক্স থেকে ১০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শাহজাহানসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে তজুমদ্দিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
গত ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে তজুমদ্দিনের মুক্তিযোদ্ধা বাজারের উত্তর পাশে হারুন গাজীর দোকানের সামনে শাহাজাহান নির্দেশে ১০ থেকে ১৫ জনের সন্ত্রাসীরা একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মনজুর ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে সাধারণ ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েন।
মামলার এজাহার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বিচ্ছিন্ন জনপদ চর মোজাম্মেল। মেঘনার বুকে গড়ে ওঠা এ চরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষি ও মৎস্য ব্যবসার ওপর নির্ভরশীল। স্থানীয়দের অভিযোগ, এই সাধারণ কৃষক ও মৎস্যজীবীদের জিম্মি করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছেন যুবদল নেতা শাহজাহান।
স্থানীয়দের অভিযোগ, শাহজাহানের নেতৃত্বে চরে একটি দল গড়ে উঠেছে। ওই দলের সদস্যদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায়, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের চেষ্টা এবং ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটছে। এতে চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি তাদের।
এ ধরনের অভিযোগের শিকার হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় মৎস্য ও জেনারেটর ব্যবসায়ী মো. মনজু (৪৫)। তিনি বলেন, যুবদল নেতা শাহজাহান চরে স্পিকারের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের কর্মকা- করছেন। তিনি দাবি করেন, শাহজাহান নিজেকে স্পিকারের লোক পরিচয় দিয়ে বলে আসছেন, স্পিকার তাঁকে এই চরের দায়িত্ব দিয়েছেন এবং তাঁর কথামতোই চর চলবে। এই পরিচয় ব্যবহার করে মানুষের জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মনজু।
মনজু জানান, চর মোজাম্মেলের মুক্তিযোদ্ধা বাজারে তাঁর মাছের আড়ৎ ও জেনারেটরের ব্যবসা রয়েছে। ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে একদল লোক দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তার উপর হামলা চালায় বলে অভিযোগ তাঁর। এতে তাঁর ডান হাত ভেঙে যায়। পরে ক্যাশ বাক্স থেকে মাছ বিক্রির ১০ হাজার টাকা নিয়ে সেটি দোকানের বাইরে ফেলে দেওয়া হয় এবং দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয় বলেও জানান তিনি।
মনজুর অভিযোগ, শুধু তিনি নন, চর মোজাম্মেলের আরও অনেক মানুষ একই ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। তাঁর দাবি, ভয়ভীতি দেখিয়ে অর্থ ও জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনায় বিচার চেয়েও প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘যারা স্পিকারের নাম ভাঙিয়ে চরের নিরীহ মানুষকে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় স্পিকারের কাছে চরবাসীর পক্ষ থেকে দাবি জানাই।’ হামলার পর স্থানীয়রা মনজুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মো. মনজু বাদী হয়ে তজুমদ্দিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। মামলায় দ-বিধির ১৪৩, ৩২৩, ৩০৭, ৩২৫, ৩৮৫, ৩৮৬ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় শাহজাহান, আলমগীর, আব্বাস, আলমগীর, সুমন, সোহাগ, বিটু, জাকির, শেখ ফরিদ ও পারভেজের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা শাহজাহান। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। একটি চক্র তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাইছে। তাঁর দাবি, চরের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে স্পিকারের নির্দেশনা অনুযায়ী তাঁরা কাজ করে যাচ্ছেন।
ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ভিপি জানান, তজুমদ্দিন উপজেলায় যুবদলের কোনো পূর্ণাঙ্গ ঘোষিত কমিটি নেই। এরপরও কেউ যদি যুবদলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম, চাঁদাবাজি কিংবা অনিয়মে জড়িত থাকে এবং তদন্তে এর সত্যতা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, যুবদলে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থে অপকর্ম করলে তার দায় দল নেবে না এবং প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু জানান, বিএনপির নাম ভাঙিয়ে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা কোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান রয়েছে।
তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের চাঁদাবাজি, জুলুম বা অনিয়মের সঙ্গে জড়িত হয়, তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের ব্যক্তিদের সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষ অত্যন্ত নিরীহ ও শান্তিপ্রিয়। তাদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, চর মোজাম্মেলে মৎস্য ব্যবসায়ী মো. মনজুর ওপর হামলার ঘটনা স¤পর্কে তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মো. মনজু বাদী হয়ে তজুমদ্দিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৩/৩২৩/৩০৭/৩২৫/৩৮৫/৩৮৬/১১৪ ধারায় মামলা করেছেন।
তিনি বলেন, মামলাটি থানায় তদন্তের জন্য আসার পর তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ২:৩৬:৫৬ ১৪১ বার পঠিত