রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণেই নৈতিক ও মানবিক সমাজ গঠনের আহ্বান

প্রচ্ছদ » ইসলাম » রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণেই নৈতিক ও মানবিক সমাজ গঠনের আহ্বান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



---

মোঃ আব্দুর রহমান হেলাল।।

ত্যাগ, ধৈর্য, সংগ্রাম, ন্যায়, ইনসাফ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও কর্মের আলোকে ব্যক্তি ও সমাজজীবন গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে ভোলায় অনুষ্ঠিত হয়েছে সিরাতুন্নবী (সা.) মাহফিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ভোলা শহরের খলিফা পট্টি ফেরদৌস জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আমির জামাল উদ্দিন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান আল জাযীরী। এছাড়া বক্তব্য রাখেন বোরহানউদ্দিন হাজিপুর ফাজিল মাদ্রাসার মাওলানা রফিকুল ইসলাম এবং খলিফা পট্টি ফেরদৌস জামে মসজিদের খতিব মাওলানা মুজির উদ্দিন।

আলোচনায় বক্তারা মহানবী (সা.)-এর জন্ম, নবুয়তপ্রাপ্তি, দাওয়াত, ত্যাগ, সংগ্রাম, নেতৃত্ব, মানবিকতা এবং ইন্তেকাল পর্যন্ত বর্ণাঢ্য জীবনচরিতের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবন কোনো নির্দিষ্ট সময় বা গোষ্ঠীর জন্য নয়; তাঁর আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।

বক্তারা বলেন, মহানবী (সা.) মানুষকে অন্ধকার ও জাহেলিয়াত থেকে মুক্ত করে আল্লাহর একত্ববাদ, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার পথে আহ্বান করেছেন। তিনি সমাজের দুর্বল ও অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তাঁর জীবন ছিল অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, সত্যের পক্ষে অবিচল থাকা এবং মানুষের কল্যাণে আত্মনিবেদনের অনন্য দৃষ্টান্ত।

তারা বলেন, রাসূল (সা.)-এর সুন্নাহ বলতে শুধু ব্যক্তিগত কিছু আমলকে বোঝালে তাঁর পূর্ণাঙ্গ জীবনাদর্শের শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তাঁর সংগ্রামী ও কর্মমুখর জীবন থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে দায়িত্বশীলতা, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে নৈতিক অবক্ষয়, হিংসা, বিদ্বেষ ও অসহিষ্ণুতা দূর করতে মহানবী (সা.)-এর চরিত্র ও আদর্শ অনুসরণের বিকল্প নেই। তাঁর জীবন থেকে মানুষ শিখতে পারে কীভাবে বিনয়, ক্ষমা, সহনশীলতা, ভালোবাসা ও সৌহার্দ্যের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায়।

মাহফিলে বক্তারা মহানবী (সা.)-এর কোমল ও বিনয়ী আচরণের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি মানুষের সঙ্গে অত্যন্ত ভদ্র ও নম্রভাবে কথা বলতেন। তাঁর আচার-ব্যবহার, কথাবার্তা ও চলাফেরায় ছিল সৌজন্য ও ভারসাম্য। মানুষের কল্যাণকে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন এবং নিজে কষ্ট স্বীকার করেও অন্যের কল্যাণে এগিয়ে যেতেন।

তারা বলেন, একজন মুমিনের জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর ভালোবাসা সর্বোচ্চ মর্যাদায় থাকা উচিত। তবে সেই ভালোবাসার বাস্তব প্রমাণ হলো তাঁর সুন্নাহ অনুসরণ, তাঁর চরিত্র ধারণ এবং তাঁর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা। মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে প্রতিষ্ঠিত হলে ন্যায়, শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।

বক্তারা তরুণ সমাজের উদ্দেশে বলেন, জীবনের আদর্শ হিসেবে মহানবী (সা.)-কে গ্রহণ করতে হবে। তাঁর সীরাত অধ্যয়ন করে সত্যবাদিতা, আমানতদারিতা, শৃঙ্খলা, ধৈর্য, দায়িত্ববোধ ও মানবসেবার শিক্ষা গ্রহণ করতে হবে।

মাহফিলে মহানবী (সা.)-এর সীরাত ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ব্যক্তি ও সমাজজীবনে ইসলামী নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় মুসল্লি, সামাজিক ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:০২:৪৬   ৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


তৌহিদী জনতা ও ওলামায়ে কেরামের আল্টিমেটামে ভোলা ছাড়লেন কুতুববাগী পীর
লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্লী
রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণেই নৈতিক ও মানবিক সমাজ গঠনের আহ্বান
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
চরফ্যাশনে সিরাতুন্নবী (স.) সিম্পোজওয়ামে রাসুল (স.)’র আদর্শ অনুসারে সমাজ হবে
বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
মহানবী (সা.)-এর আদর্শেই মানবতার কল্যাণ: ভোলায় সিরাতুন্নবী সিম্পোজিয়াম
ভোলায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
আইন করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি হেফাজত আমিরের



আর্কাইভ