
স্টাফ রিপোর্টার ॥
ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে ফের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এরআগে, গেল ২৯ আগস্ট দুপুরে একই জমিতে জোরপূর্বক দোকানঘর উত্তোলনের চেষ্টা করেন প্রতিপক্ষরা। পরে বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী রাকিব হোসাইন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেন। এরপর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া আজ পূনরায় দোকানঘর উত্তোলনের চেষ্টা করেন।
জানা গেছে, দৌলতখান উপজেলার মধ্য জয়নগর মৌজার ১৬ শতাংশ জমি নিয়ে সৎ মা রোসনা আেগম ও প্রতিবেশী মোস্তফা কামাল গংদের সঙ্গে রাকিব হোসাইনের বিরোধ চলে আসছে। এ ঘটনায় রাকিব হোসাইন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ ওই জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে জমিতে প্রবেশ ও যেকোনো ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন আদালত।
অভিযোগ রয়েছে, আদালতের ওই নির্দেশনা অমান্য করে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণের চেষ্টা করেন।
রাকিব হোসাইন বলেন, “জমিটি আমার বাবার। তিনি মারা যাওয়ার পর আমাদের ওয়ারিশি অংশ বুঝিয়ে না দিয়ে আমার সৎ মা ওই জমি প্রতিবেশীদের কাছে বিক্রির চেষ্টা করেন। বাবার সম্পত্তি রক্ষায় আমি আদালতে মামলা করেছি। আদালত উভয় পক্ষকে জমিতে প্রবেশ ও কোনো ধরনের কার্যক্রম চালাতে নিষেধ করেছেন। এরপরও প্রতিপক্ষ জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেছে।”
তিনি আরও বলেন, এরআগেও তারা ঘর উত্তোলনের চেষ্টা করে। পরে পুলিশকে জানালে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। কিন্তু তারা আইন না মেনে আজ পূনরায় কাজ করার চেষ্টা করে। এরপর বিষয়টি পুলিশকে জানালে পুলিশ পৌঁছে কাজ বন্ধ করেন। এসময় তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচারের দাবি করেন।
এদিকে, আদালতের নিষেধাজ্ঞার পরও বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টার ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোনো পক্ষ ফের জমিতে কার্যক্রম চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
আদালতের নির্দেশনা অনুযায়ী, বিরোধপূর্ণ সম্পত্তিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে কেউ শান্তিশৃঙ্খলা বিঘিœত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:১৫:২৬ ১২০ বার পঠিত