
চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশনে কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরফ্যাশন ব্রজ গোপাল টাউন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে আল-ইত্তেহাদ ফাউন্ডেশন। আল-ইত্তেহাদ ফাউন্ডেশন অ্যাওয়ার্ড-২০২৬ উপলক্ষে অনুষ্ঠানে শতাধিক কৃতী শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. রফিকুল ইসলাম আসলামী, সঞ্চালনায় মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক।এ সময় কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, বৃত্তি পরীক্ষা গ্রহণের পর দ্রুত ফলাফল প্রকাশের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি পরীক্ষার খাতা মূল্যায়নের সময় পরীক্ষার্থীদের নাম গোপন রেখে খাতা দেখার পরামর্শ দেন। এতে ফলাফল প্রকাশের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা মো. রফিকুল ইসলাম আসলামী বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত এবং শিক্ষা বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী ও অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ২:১০:৫৬ ৮৭ বার পঠিত