
স্টাফ রিপোর্টার ॥
দেশের প্রসিদ্ধ বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, স্থানীয় ইমাম-খতিব ও নবীপ্রেমীদের অংশগ্রহণে ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলা শহরের যুগীরঘোল এলাকায় অবস্থিত বিবার মানবতার দুয়ার-এর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাতাবুনিয়া দরবার শরীফের পীর মুফতি আহমাদউল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখসহ আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দুধল দরবার শরীফ, কিশোরগঞ্জ দরবার শরীফ ও বাটামারা দরবার শরীফের পীর-মাশায়েখগণ অংশ নেন।
পবিত্র মিলাদ পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ আল জাবেরী। পরে খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের খতিব মুফতি মুজির উদ্দিন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবার পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবতা, শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮:৪০:৪৮ ৯২ বার পঠিত