
স্টাফ রিপোর্টার ॥
চোরাচালান রোধে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬৫০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে। বৃহ¯পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুরের রামগতি থানাধীন চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন রামগতি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এসব সিমেন্টের মোট ওজন প্রায় ৩২ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা।
অভিযানে সিমেন্টসহ পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয়। একই সঙ্গে পাঁচজনকে আটক করে কোস্ট গার্ড।
আটকরা হলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার কাজির ট্যাক এলাকার শাহদাত হোসেন (৪০), একই উপজেলার রেহানিয়া গ্রামের ফোরকান (৪৭), পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী গ্রামের হারুন অর রশিদ ওরফে বাবুল (৪২), ভোলার লালমোহন উপজেলার দলিগার নগর এলাকার আরিফ (২৫) এবং নোয়াখালীর চরজব্বার উপজেলার ভূইয়ার হাট এলাকার জামসেদ (৩২)।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের জলসীমায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:৩৯:৪২ ৭২ বার পঠিত