
স্টাফ রিপোর্টার।।
ভোলার তজুমদ্দিনে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮ হাজার কেজি (৮ টন) ইউরিয়া সারসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন কোস্টগার্ড স্টেশনের একটি টিম তজুমদ্দিনের মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকাজে ব্যবহৃত স্টিলবডি ট্রলারটি জব্দ করা হয়েছে।
পরে জব্দকৃত ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৩:১৩:২২ ২৪৪ বার পঠিত