
মনপুরা প্রতিনিধি।।
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোড়াল মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিশাল আকৃতির মাছটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীরা। আজ শনিবার (০৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটের বাচ্চু চৌধুরীর আড়তে মাছটি নিয়ে আসেন জেলে খালেক মাঝি। পরে সেটি উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. এরশাদ হোসেন।
জেলে খালেক মাঝি বলেন, শনিবার মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বিশাল আকৃতির কোড়াল মাছটি জালে ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে মাছটি মৎস্যঘাটে এনে নিলামে বিক্রি করা হয়।
নিলামে কয়েকজন মাছ ব্যবসায়ী অংশ নেন। পরে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী এরশাদ হোসেন। মাছটি স্থানীয় ব্যবসায়ীরা মিলে খাওয়ার জন্য কিনেছেন।
মৎস্য ব্যবসায়ী মাইনউদ্দিন ও এরশাদ হোসেন বলেন, ঢাকার বাজারে বড় আকৃতির মাছের চাহিদা রয়েছে। মাছটি ঢাকার বাজারে নেওয়া হলে আরও ভালো দামে বিক্রি হতো।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এ সময়ে বড় আকৃতির কোড়াল বা পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়া জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে ইলিশের পাশাপাশি মেঘনায় আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ৩:১২:৩৫ ৮৭ বার পঠিত