
স্টাফ রিপোর্টার।।
ভোলা জেলার দৌলতখান উপজেলার ঐতিহ্যবাহী বাংলাবাজার মসজিদ মার্কেটের বকেয়া ভাড়া ফাঁকি দেওয়া এবং মসজিদ পরিচালনা কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে একশ্রেণীর সুবিধাবাদী ব্যবসায়ী অসত্য ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এক উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধনের প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংবাদ সম্মেলনে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাবাজার মসজিদ কমিটির দ্বিতীয় উপদেষ্টা মোঃ শাহে আলম হাওলাদার। এ সময় কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এমপি মহোদয়ের সম্মতি ও সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কতিপয় সুবিধাবাদী ব্যবসায়ী আল্লাহর ঘর মসজিদের প্রাপ্য দোকান ভাড়া পরিশোধ না করে নানা অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
কমিটি জানায়, ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে আগেই দোকান ভাড়া ২০% কর্তন করা হয়েছিল। পরবর্তীতে আন্দোলনের প্রেক্ষিতে আরও ২০%সহ সর্বমোট ৪০% ভাড়া ছাড় দেওয়া সত্ত্বেও অদ্যাবধি মার্কেটে ১ কোটি টাকারও বেশি ভাড়া বকেয়া পড়ে রয়েছে। এই বকেয়া টাকা আদায় থেকে বাঁচতেই গত ২৬ আগস্ট সাদেক বিশ্বাস, শফিউল্লাহ হাজি, শামীম, সেলিম, সাইফুল, আল মামুন বাবুল ও রাখালসহ কতিপয় ব্যক্তি মসজিদ কমিটি, ২য় উপদেষ্টা মোঃ শাহে আলম হাওলাদার, তাঁর ছেলে বাহার, ভাতিজা দেলোয়ার এবং কমিটির সেক্রেটারি জসিমের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মানহানিকর মানববন্ধন আয়োজন করে।
ভাড়া বকেয়া ব্যবসায়ীরা হলেন, সাইফুল ইসলাম ৪১, ৪২ ৩,৬৭,০০০,রফিকুল ইসলাম ১৩ ২,০২,০০০, শামীম ০৭ ১,৮২,৫০০,সেলিম বেপারি ২৮ ১,৮১,০০০, ছাদেক বিশ্বাস ৩২ ১,৭০,৪০০, আল মামুন বাবুল ৩৯, ১৩৬ ১,৬৮,০০০, মোঃ আকতার হোসেন ১১, ১১১, ১২৮ ১,৫৬,২৫০, হাফেজ শফিউল্লাহ ০৫, ০৭ ৭৩,২৫০।
সংবাদ সম্মেলনে সম্প্রতি ঘটে যাওয়া ‘রাখাল স্টোর’ সংক্রান্ত ঘটনার বিস্তারিত আইনি ও দাপ্তরিক বিবরণ তুলে ধরা হয়। বক্তব্য অনুযায়ী, ২০২২ সালে তৎকালীন কমিটির কাছ থেকে ১১ নম্বর দোকানটির ডিড নেন রাখাল এবং পরবর্তীতে তার অর্ধেক অংশ শ্যালক লিটনকে হস্তান্তর করেন। দীর্ঘদিন ধরে ‘লিটন স্টোর’-এর নামে যৌথভাবে ভাড়া, বিদ্যুৎ বিল ও ট্রেড লাইসেন্স জমা হয়ে আসছে এবং পূর্বে ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টেও উভয়কে পৃথক জরিমানা করা হয়েছিল।
২০২৬ সালে প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এমপি মহোদয়ের নির্দেশনায় কমিটি বিধি অনুযায়ী লিটন ও রাখালকে আনুষ্ঠানিকভাবে আলাদা ডিড প্রদান করে। তবে পরবর্তীতে তাদের পারিবারিক ও ব্যবসায়িক কোন্দলে আদালতে মামলা গড়ালে আদালত উক্ত স্থানে ১৪৪/১৪৫ ধারা জারি করেন। কিন্তু ২৫ আগস্ট রাখাল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানে বেআইনিভাবে তালা ঝুলিয়ে দেন।
আদালতের নির্দেশ অমান্যের খবর পেয়ে এমপি মহোদয়ের নির্দেশে মসজিদ কমিটির সেক্রেটারি তালা খুলতে গেলে রাখাল ও তাঁর ছেলে শিমুল বাধা দেন এবং হঠাৎ মাটিতে শুয়ে পড়ে মারধরের নাটক সাজান। উপস্থিত জনতার সামনে কিংবা সিসিটিভি ফুটেজে মারধর বা ধাক্কা দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি; ছেলেটি সম্পূর্ণ সুস্থ ছিল বলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া গেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অভ্যন্তরীণ পারিবারিক ও ব্যবসায়িক বিরোধকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক ঢাল বানিয়ে মসজিদ কমিটি এবং দায়িত্বশীল ব্যক্তিদের ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্ত চলছে। বাংলাবাজার মসজিদ কমিটি সম্পূর্ণ আইনি নিয়মনীতি ও স্বচ্ছতা মেনে পরিচালিত হচ্ছে এবং কোনো অপপ্রচার চালিয়ে মসজিদের হকের টাকা আত্মসাৎ করতে দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাবাজার মসজিদ কমিটির ২নং উপদেষ্টা ও দক্ষিণ জয়নগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম হাওলাদার, বাংলাবাজার মসজিদ কমিটির সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন, বাংলাবাজার মসজিদ কমিটির ক্যাশিয়ার হরমুজল মাস্টার, বাংলাবাজার মসজিদ কমিটির সহসভাপতি আলমগীর হাওলাদার, সদস্য মিরাজ কাজী প্রমুখ ।
এসময় তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরা এবং এই কুচক্রী মহলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানানো হয়।
বাংলাদেশ সময়: ১:২০:১১ ২৬৫ বার পঠিত