
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা ও চালকদের ওপর হামলা, মারধর এবং চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে বোরহানউদ্দিনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সিএনজি চালকরা। মানববন্ধনে বোরহানউদ্দিন উপজেলার দুই শতাধিক সিএনজি চালক ও মালিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভোলা সদরে প্রবেশের সময় বাস মালিক সমিতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি তাদের সিএনজির গতিরোধ করেন। এ সময় চালকদের সঙ্গে দুর্ব্যবহার, মারধর, সিএনজিতে হামলা ও ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে বলে তারা দাবি করেন। এতে চালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং জীবিকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
বক্তারা বলেন, তারা বৈধ লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট নিয়ে সড়কে চলাচল করেন। এরপরও তাদের অবৈধভাবে বাধা দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি বা সংগঠনের সড়কে যানবাহন আটকানো বা আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। কোনো যানবাহনের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
তারা আরও অভিযোগ করেন, ভোলা সদরে প্রবেশ করলেই ভোলা বাস মালিক সমিতির পালিত একদল গুন্ডাপান্ডা পরিকল্পিতভাবে সিএনজি আটকে চালকদের ভয়ভীতি দেখান এবং বিভিন্নভাবে হয়রানি করেন। এতে প্রতিদিনই চালকদের আর্থিক ক্ষতির পাশাপাশি যাত্রীসেবাও বিঘিœত হচ্ছে।
মানববন্ধনে বক্তারা হামলার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সিএনজি চালকদের নিরাপদে চলাচলের পরিবেশ নিশ্চিত করতে ভোলা ১ থেকে ৪ আসনের এমপিদেন দৃষ্টি আকর্ষণ ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
তারা বলেন, “আমরা কোনো সংঘাত চাই না। আমরা শান্তিপূর্ণভাবে জীবিকা নির্বাহ করতে চাই। কিন্তু বারবার হামলা, মারধর ও হয়রানির শিকার হওয়ায় আমরা বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছি। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”
মানববন্ধন শেষে সিএনজি চালকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে তাদের দাবি-দাওয়া তুলে ধরারও ঘোষণা দেন।
তবে এ বিষয়ে ভোলা বাস মালিক সমিতির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ৩:৩৫:৪৬ ৬৬ বার পঠিত