
স্টাফ রিপোর্টার ॥
ভোলার মেঘনা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির রাজা ইলিশ। ২ কেজি ১৩০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে ওই ইলিশটি বিক্রি হয়।
তুলাতুলি মৎস্য ঘাটের ব্যবসায়ী মো. মঞ্জু ইসলাম জানান, সন্ধ্যার দিকে তুলাতুলি মৎস্য ঘাটের আ. খালেক মেম্বারের আড়তে ২ কেজি ১৩০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ নিয়ে আসেন এক জেলে। পরে নিলামের মাধ্যমে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি হয়।
আড়তদার আ. খালেক মেম্বার জানান, বিকেলের দিকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে গিয়াস উদ্দিন মাঝি ওই এলাকার মেঘনা নদীতে একটি নৌকা নিয়ে মাছ ধরতে নামেন। পরে জাল টেনে তুললে একটি ২ কেজি ১৩০ গ্রাম ওজনের রাজা ইলিশসহ বিভিন্ন সাইজের কয়েটি ইলিশ পান। এরপর সন্ধ্যার পরে তিনি রাজা ইলিশসহ অন্যান্য ইলিশ নিয়ে তার আড়তে আসেন। পরে তুলাতুলি মৎস্য ঘাটের বিভিন্ন আড়তদারের উপস্থিতিতে প্রকাশ্যে রাজা ইলিশটি নিলাম ডাকা হয়। সর্বোচ্চ ৯ হাজার টাকা দাম হাঁকিয়ে মাছটি ক্রয় করেন তাদের ঘাটের আড়তদার মো. কামাল ব্যাপারী।
কামাল ব্যাপারীর আড়তের ম্যানেজার মো. নাছিম জানান, তারা নিলামে সর্বোচ্চ ডাক দিয়ে রাজা ইলিশটি ক্রয় করেন। এটি রাতে অন্যান্য ইলিশের সাথে মাওয়া পাইকারি আড়তে বিক্রির জন্য পাঠাবেন। তাদের আশা রাজা ইলিশটি ১০ হাজার থেকে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভুঁইয়া জানান, বর্তমানে বৃষ্টিপাত বেশি হওয়ার সাগর থেকে ইলিশ নদীতে উঠে আসছে। এর বেশির ভাগই বড় আকারের ইলিশ। এর মধ্যে রাজা ইলিশ ধরা পড়েছে। আগামীতে আরও বেশি বড় আকারের ইলিশ ধরা পড়বে।
বাংলাদেশ সময়: ৩:৩৩:৪৭ ৫৫ বার পঠিত