
চরফ্যাশন প্রতিনিধি ॥
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং পল্লী অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এছাড়া অনুষ্ঠানে তিনজন উদ্যোক্তার মাঝে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্যোক্তা ঋণ এবং ১৪ জন সদস্যের মাঝে মোট ৪ লাখ ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ০:৪৯:২৩ ৫০ বার পঠিত