
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সজীব (২৫) নামে এক পিকআপ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার মনিরাম বাজার সংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ডাওড়ী সরকারি আবাসনের বাসিন্দা। তিনি মৃত ইসমাইল হাওলাদারের ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে পিকআপ চালিয়ে পরিবারের ভরণ-পোষণ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সজীব ভোলা থেকে পিকআপযোগে লালমোহনের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মনিরাম বাজারের বটতলা এলাকায় একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপটি সড়কের পাশে উল্টে যায় এবং গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সজীবের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।
বোরহানউদ্দিন অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে বোরহানউদ্দিন থানায় আনা হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান।
বাংলাদেশ সময়: ১৮:০১:৩০ ৯৪ বার পঠিত