
চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আসন্ন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে শীর্ষ পদের অন্যতম দাবিদার হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তাঁর নাম আলোচনায় রয়েছে।
শিক্ষাজীবনের শুরু থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হাবিব বিগত বছরগুলোতে দলীয় প্রতিটি কর্মসূচি, আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে প্রথম সারিতে ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ ভোলা, বরিশাল ও ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন কেন্দ্রীয় ও আঞ্চলিক কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এছাড়া, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রতিকূল পরিবেশেও দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। তাঁর এই সাংগঠনিক দক্ষতার ধারাবাহিকতায় ২০১৯ সালে তিনি চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিগত সরকারের আমলে বিরোধী দলের আন্দোলন দমনে রাজনৈতিক মামলা ও হয়রানির শিকার হন এই ছাত্রনেতা। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ ও পরবর্তী আন্দোলনে অংশ নেওয়ার পর, ৩ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় কারাবন্দি থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের পর, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতে মাঠে কাজ করছেন হাবিব। একইসঙ্গে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনের এমপি ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নয়নের পক্ষে তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় সক্রিয় অংশ নিচ্ছেন তিনি।
আসন্ন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী হাবিবুর রহমান হাবিব তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “দল যদি আমার অতীত ত্যাগ ও রাজপথের সক্রিয়তা বিবেচনা করে আমাকে দায়িত্ব দেয়, তবে সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। তৃণমূলের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য।”
বাংলাদেশ সময়: ২৩:৩৬:০২ ৩৪২ বার পঠিত