

শাহীন আলম মাকসুদ, লালমোহন ॥
ভোলার বহুল আলোচিত কলেজ ছাত্র মো. নয়ন হত্যা মামলায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলার লালমোহনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।
(শনিবার ৪ জুলাই) সকালে লালমোহন থানার সামনে ও উপজেলা সদরের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ঘাতক মানিকের ফাঁসি চাই” “নয়ন হত্যার বিচার চাই” সহ বিভিন্ন শ্লোগান দেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ ব্যাচের শিক্ষার্থী নয়নকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, নয়ন হত্যার ঘটনায় তারা ন্যায়বিচার চান। ঘাতক মানিকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তারা। মানববন্ধন ও বিক্ষোভে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২১:৩৬:৪৮ ৭১ বার পঠিত