
স্টাফ রিপোর্টার ॥
ভোলার সদর উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, কাতার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মো: ওমর ফারুক ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (৩ জুন) বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় এই গণসংযোগ করেন। গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে মো: ওমর ফারুক ইউনিয়নের কাঠির মাথা, দাসের হাট, বেড়িবাঁধ, ইউনিয়ন পরিষদ এলাকা এবং পরানগঞ্জ বাজারে সর্বস্তরের মানুষের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। এ সময় সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান এবং এলাকার নানা সমস্যার কথা তার কাছে তুলে ধরেন। ওমর ফারুক ভোটারদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন যে, আগামী নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে এসব সমস্যার স্থায়ী সমাধান করবেন।

গণসংযোগকালে ওমর ফারুক বলেন, “আমি এই কাচিয়া ইউনিয়নেরই সন্তান। মেঘনার ভয়াবহ ভাঙনে আমাদের ইউনিয়ন আজ বিপর্যস্ত। অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বহু সম্ভ্রান্ত পরিবার আজ ভিটামাটি হারিয়ে নিঃস্ব। এমনকি আমাদের নিজেদের বাড়িও নদীগর্ভে তলিয়ে গেছে। ভাঙনকবলিত মানুষের এই কষ্ট আমি নিজের মন দিয়ে উপলব্ধি করি।”

তিনি আরও বলেন, আমার পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের সেবা করে এসেছেন। আমি দীর্ঘদিন কাতারে প্রবাসী হিসেবে থাকলেও দেশের মাটির টানে ফিরে এসেছি। আমি জনগণের প্রতিনিধি হয়ে সেবা করতে চাই।
তিনি মেঘনার ভাঙন থেকে ইউনিয়নকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ। ইউনিয়নের ভাঙাচোরা রাস্তাঘাটের আধুনিকায়ন। স্থানীয় জেলেদের ভাগ্য উন্নয়ন এবং দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো: ওমর ফারুক কাচিয়া ইউনিয়নের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মরহুম মো: হানিফ মিয়া (হানিফ কোম্পানী)-এর সুযোগ্য পুত্র এবং বিশিষ্ট শিক্ষাবিদ আবদুর রব মাষ্টার-এর মেঝো ভাগিনা। পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরেই তিনি এবার কাচিয়াবাসীর ভাগ্য উন্নয়নে হাল ধরতে চান।
বাংলাদেশ সময়: ২১:৫৬:৪৩ ৪৩০ বার পঠিত