
স্টাফ রিপোর্টার ॥
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সৃষ্টিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি যুক্ত হয় ভোলা জেলা প্রশাসন। এ উপলক্ষে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভিডিও কনফারেন্সিংয়ে ভোলার পক্ষে যুক্ত ছিলেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান। জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা জাতীয় কবির সাম্য ও মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৮:২৯:৫১ ৮৯ বার পঠিত