
আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
আসন্ন বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান কবির মিয়া। তিনি ছুটে চলছেন পৌরসভার ভোটারদের কাছে।
শনিবার (২৮ জুন) পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটারদের মাঝে মনিরুজ্জামান কবির মিয়াকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এদিকে মেয়র প্রার্থী মানুষের বাড়িবাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও দোয়া কামনা করছেন।
সাধারণ ভোটারদের একাংশ বলছেন, মনিরুজ্জামান কবির মিয়া তৃণমূলের নেতা এবং বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। তিনি আমাদের কাছে ‘দুঃসময়ের কান্ডারী’।
গণসংযোগকালে পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মামুন খাঁন, মো: আলমগীর, মো: ইউনুসসহ ভোটাররা বলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন পৌরসভার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণের কথা চিন্তা করে একদম যোগ্য ব্যক্তিকেই প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। সংসদ সদস্যের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা একযোগে মাঠে নেমেছেন। তারা স্পষ্ট ভাষায় বলছেন, “যোগ্য প্রার্থীর হাত ধরেই বোরহানউদ্দিনের উন্নয়ন সম্ভব, আমরা কবির মিয়ার সাথেই আছি।”
মনিরুজ্জামান কবির মিয়া বলেন, “আমি বোরহানউদ্দিন পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধা-সংবলিত পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। অবহেলিত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করাই আমার মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে আমি বোরহানউদ্দিনের সর্বস্তরের মানুষের সেবক হয়ে থাকতে চাই।”
বাংলাদেশ সময়: ১:৩১:১৭ ৮১ বার পঠিত