
খলিল উদ্দিন ফরিদ ॥
পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি)’ প্রকল্পের আওতায় সংস্থার চেয়ারম্যান বাজার শাখায় সদস্য পর্যায়ে বিনামূল্যে কৃষি উপকরণ ও মালামাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এলাকার প্রান্তিক কৃষকদের আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী ও ফোকাল পার্সন শংকর চন্দ্র দেবনাথ, আর.এইচ.এল প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মো. মেহেদী আজম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার মিরাজ হোসেন, শাখা ম্যানেজার মো. আবু হানিফসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
কর্মসূচিতে পরিবেশবান্ধব ও টেকসই উপায়ে বিষমুক্ত সবজি চাষের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে উপকারভোগী সদস্যদের মাঝে উচ্চ ফলনশীল শশার বীজ, মাটির উর্বরতা বৃদ্ধিকারী জৈব সার, ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য আধুনিক ফেরোমন ফাঁদ এবং প্রয়োজনীয় বালাইনাশক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত কৃষিবিদরা কৃষকদের এসব উপকরণ ব্যবহারের সঠিক নিয়ম ও আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেন।
বক্তারা বলেন, নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমবে, ফলন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সময়: ১:৪৫:৩৮ ৯৯ বার পঠিত