
স্টাফ রিপোর্টার ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, গাছের চারা রোপণে বাধা এবং হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকপক্ষ। বৃহ¯পতিবার (১২ জুন) বিকেলে ভোলার একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. জসিম উদ্দিন। তিনি অভিযোগ করেন, প্রায় পাঁচ বছর আগে একই উপজেলার শাহাজাহান স্থানীয় নির্মল, রঙ্গলাল, জিতেন্দ্র ও পরেশের কাছ থেকে ১৭৩ শতক জমি ক্রয় করেন। জমিটি বোরহানউদ্দিন উপজেলার টগবি ইউনিয়নের মুলাইপত্তন মৌজায় অবস্থিত। ক্রয়ের পর থেকে তারা জমিটি ভোগদখলে রাখলেও সম্প্রতি সেখানে গাছের চারা রোপণসহ বিভিন্ন কাজ করতে গেলে বাধার মুখে পড়েন।
জমির মালিকপক্ষের দাবি, রিপন পোদ্দার, ফরহাদ ও তামিমসহ কয়েকজন ব্যক্তি জমিতে চারা রোপণে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহেল, রুবেল ও জসিম নামে তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জমি নিয়ে বিভিন্ন সময়ে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে ‘বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য’ ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তারা। একই সঙ্গে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগও তোলা হয়।
জমির মালিক শাহাজাহানের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত তার ভাই জসিম উদ্দিন বলেন, “আমরা বৈধভাবে জমি ক্রয় করেছি। আইনগত সব কাগজপত্র আমাদের কাছে রয়েছে। আমরা শুধু নিজেদের ক্রয়কৃত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে চাই।”
তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, আইনগত অধিকার অনুযায়ী জমির দখল নিশ্চিত করা প্রয়োজন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১:৪২:৪৬ ১২৯ বার পঠিত