
স্টাফ রিপোর্টার ॥
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম দ্বীপজেলা ভোলার কৃতি সন্তান। তিনি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৪(১) অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ-যেটি আগে ঘটবে, ততদিন তিনি নিজ পদে বহাল থাকবেন। উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।
এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
ড. সফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, সফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাহী সদস্য।
অধ্যাপক সফিকুল ইসলাম এর আগে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
সফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস থেকে গ্লোবাল স্টাডিজে পিএইচডি এবং সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমএসসি ডিগ্রি নেন।
বাংলাদেশ সময়: ১১:২২:১০ ১৪৯ বার পঠিত