
মো: ছিদ্দিকুর রহমান ॥
ভোলার চরফ্যাশন উপজেলায় সিএনজি (থ্রি-হুইলার) চালক ও মালিকদের শক্তিশালী সিন্ডিকেটের কাছে চরমভাবে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। সরকারি বা নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রতিবাদ করলে যাত্রীদের হেনস্তা করার অভিযোগ উঠেছে স্থানীয় চালকদের বিরুদ্ধে। এই পরিবহন নৈরাজ্য এখন চরফ্যাশনবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে এবং ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, চরফ্যাশন থেকে দুলারহাট রুটের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। নিয়ম অনুযায়ী এই দূরত্বের জন্য জনপ্রতি নির্ধারিত ভাড়া ৪০ টাকা হলেও চালকরা জোরপূর্বক ৫০ টাকা করে আদায় করছেন। অর্থাৎ, প্রতি কিলোমিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে যাত্রীদের।
যাত্রীদের অভিযোগ, এই রুটের মাঝপথে নামলে কিংবা মাঝপথ থেকে গাড়িতে উঠলেও পুরো ১০ কিলোমিটারের অর্থাৎ শেষ গন্তব্যের ভাড়াই দাবি করেন চালকরা। বিশেষ করে সন্ধ্যার পর বা জরুরি প্রয়োজনে বের হলে ভাড়ার অঙ্ক আরও বাড়িয়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী জানান, অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলেই চালকরা সংঘবদ্ধ হয়ে মারমুখী আচরণ শুরু করেন। অনেক সময় তর্কের একপর্যায়ে যাত্রীদের মাঝরাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়ার মতো ধৃষ্টতাও দেখান তারা। চালক ও মালিকদের এই অঘোষিত সিন্ডিকেটের কাছে সাধারণ মানুষ এতটাই অসহায় যে, হেনস্তা হওয়ার ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে সিএনজি চালকদের এই নৈরাজ্য চললেও উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। প্রশাসনের এই নিরবতাকে পুঁজি করেই সিন্ডিকেট দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন সচেতন মহল।
ভুক্তভোগী সাধারণ যাত্রীরা প্রশাসনের কাছে তিনটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন:
১. প্রশাসন কর্তৃক সিএনজির জন্য সুনির্দিষ্ট ও যৌক্তিক ভাড়া নির্ধারণ করে তা প্রতিটি স্ট্যান্ডে দৃশ্যমান ‘ভাড়া চার্ট’ আকারে টাঙানো।
২. কিলোমিটার প্রতি অতিরিক্ত ভাড়া আদায়ের এই অবৈধ প্রথা কেন অবিলম্বে বন্ধ করতে হবে।
৩. সিএনজি চালক ও মালিকদের এই জুলুম থেকে বাঁচাতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করতে হবে।
স্থানীয় বিশিষ্টজনরা মনে করছেন, পরিবহন খাতের এই নৈরাজ্য দ্রুত বন্ধ করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি সহ্যের সীমা ছাড়িয়ে যাবে। যেকোনো সময় অতিরিক্ত ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তারা। এই সংকট উত্তরণে দ্রুত চরফ্যাশন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করছে সর্বস্তরের মানুষ।
বাংলাদেশ সময়: ৩:৫০:৫৯ ১২২ বার পঠিত