
মোঃ আব্দুর রহমান হেলাল ॥
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চলমান পরিস্থিতি এবং গ্রাহকদের মধ্যে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে ভোলা শাখায় এক ঘণ্টার প্রতীকী কলম বিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৮ জুন) ব্যাংকের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা জানান, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংকের সুনাম, স্থিতিশীলতা এবং গ্রাহকদের আস্থা অক্ষুণœ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনা ও উদ্বেগের বিষয়গুলো সংশ্লিষ্ট মহলের নজরে আনতেই এ প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে ব্যাংকের বিভিন্ন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ব্যাংকের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন। তাদের মতে, ব্যাংকের পরিচালনা ও নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলো এমন হওয়া উচিত, যা আমানতকারী ও সাধারণ গ্রাহকদের আস্থা আরও দৃঢ় করবে।
গ্রাহকদের একটি অংশ মনে করেন, দেশের আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ঘিরে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থ ও ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্ভূত বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
কলম বিরতি কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং কোটি গ্রাহকের আস্থা ও প্রত্যাশার প্রতীক। তাই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, আমানতের নিরাপত্তা এবং সুনাম রক্ষায় সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্বের বিকল্প নেই। এর মাধ্যমে গ্রাহকদের আস্থা যেমন অটুট থাকবে, তেমনি দেশের আর্থিক খাতও আরও স্থিতিশীল ও সমৃদ্ধ হবে।
স্থানীয় সচেতন মহল আশা করছে, ইসলামী ব্যাংককে ঘিরে উদ্ভূত যেকোনো বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হবে এবং গ্রাহকদের স্বার্থ ও ব্যাংকের ভবিষ্যৎ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২:০০:০৯ ৮৯ বার পঠিত