
মোঃ আব্দুর রহমান হেলাল ॥
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান পদ থেকে খোরশেদ আলমকে অপসারণ এবং সাবেক চেয়ারম্যান এ কে এম ফারুককে পুনর্বহালের দাবিতে ভোলায় মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।
মঙ্গলবার (২ জুন) সকালে ভোলা শহরের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মেইন ব্রাঞ্চের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্যাংকটির পরিচালনায় একটি বিশেষ মহল অযাচিত হস্তক্ষেপ করছে, যা ইসলামী ব্যাংকের সুশাসন ও স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে। তারা দাবি করেন, সাবেক চেয়ারম্যান এ কে এম ফারুককে অন্যায়ভাবে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং তাঁকে পুনর্বহাল করতে হবে।
বক্তারা আরও বলেন, খোরশেদ আলম অতীতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করলেও বিভিন্ন অভিযোগের কারণে তিনি সমালোচিত ছিলেন। এমন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে বহাল রাখার বিষয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক প্রতিনিধি রাহাত কামাল উদ্দিন। তিনি বলেন, “ইসলামী ব্যাংক দেশের কোটি গ্রাহকের আস্থার প্রতীক। ব্যাংকটির পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব যেন ব্যাংকের কার্যক্রমে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।”
আরেক গ্রাহক ইমরান বলেন, “ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের অন্যতম জনপ্রিয় ও গ্রাহকবান্ধব ব্যাংক হিসেবে পরিচিত। ব্যাংকটির ভাবমূর্তি ও গ্রাহকদের স্বার্থ ক্ষুণœ হয়-এমন কোনো সিদ্ধান্ত গ্রাহকরা মেনে নেবেন না। প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ইসলামী ব্যাংকের স্বচ্ছ ও স্বাধীন পরিচালনা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা ব্যাংকের সুনাম, স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১:২৫:২২ ৬৪ বার পঠিত