
বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাইনুদ্দিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পরিবারের সঙ্গে একই এলাকার ফয়জুল্লাহ গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মাইনুদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে এবং পরে তাকে পুকুরে ফেলে দেয়। স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযান চালিয়ে ছোটপাতা গ্রামের বজলুর রহমান (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪১:০২ ৭৪৭ বার পঠিত