ভোলায় ইলিশা লঞ্চঘাটে বিধ্বস্ত জেটি প্রতিস্থাপন হয়নি, চরম দুর্ভোগে যাত্রীরা

প্রচ্ছদ » জেলা » ভোলায় ইলিশা লঞ্চঘাটে বিধ্বস্ত জেটি প্রতিস্থাপন হয়নি, চরম দুর্ভোগে যাত্রীরা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬



---

স্টাফ রিপোর্টার।।

ভোলা-ঢাকা নৌরুটের গুরুত্বপূর্ণ ইলিশা লঞ্চঘাটের পন্টুন জেটির সামনের অংশ দুই মাস আগে ভেঙে পড়লেও এখনো তা প্রতিস্থাপন করা হয়নি। ফলে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নতুন জেটি স্থাপনের ছয় মাস না যেতেই সেটি ভেঙে পড়ে। জেটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাঝের পাটাতনের কাঠ সরে গেছে। এতে প্রতিদিনই যাত্রীরা দুর্ঘটনার ঝুঁকিতে চলাচল করছেন।

সোমবার (২৫ মে) দুপুরে সরেজমিনে ইলিশা লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ভাঙা জেটি দিয়ে চলাচলের সময় এক নারী আহত হয়েছেন। এছাড়া আনজুমান মফিদুল ইসলাম সংগঠনের সম্পাদক ও ইমাম সমিতির সাবেক সম্পাদক মো. মনি আমিন তার অসুস্থ মেয়েকে কোলে নিয়ে ঝুঁকি নিয়ে জেটি পার হচ্ছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকার সদরঘাটের পর ভোলার ইলিশা লঞ্চঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ ঘাটের এমন বেহাল অবস্থায় যাত্রীরা কীভাবে নিরাপদে যাতায়াত করবেন?

জেলা শিক্ষা কর্মকর্তা আজারুল হক আজাদ বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনার দেখভালের দায়িত্ব যাদের, তারা কি চোখ বন্ধ করে আছেন?

এমভি কর্ণফুলী লঞ্চের ম্যানেজার মো. আলাউদ্দিন জানান, আগের রাতে একসঙ্গে শতাধিক যাত্রী জেটি পার হওয়ার সময় সেটি প্রায় উলটে যাচ্ছিল। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

তিনি বলেন, গত ২২ মার্চ ঈদুল ফিতরের সময় জেটিটি বিধ্বস্ত হয়। পরে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ঘাট পরিদর্শনে এসে দ্রুত নতুন জেটি স্থাপনের নির্দেশ দিলেও দেড় মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি।

জেটির রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ বরিশাল জোনের নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন যুগান্তরকে জানান, উন্নত মানের নতুন জেটি স্থাপনের মতো পর্যাপ্ত বরাদ্দ নেই। এর আগে যুগান্তরে সংবাদ প্রকাশের পর জেটি সংস্কার করা হয়েছিল। তবে ঝড়ো বাতাসে সেটি আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জেটি মেরামতের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সোমবার দুপুরে ঢাকা থেকে আসা গ্রিনলাইন-২, দোয়েল পাখি-৮, এমভি কর্ণফুলী-১৪ ও দোয়েল পাখি-১০ লঞ্চ ঘাটে ভিড়লে একসঙ্গে যাত্রী নামতে শুরু করেন। এ সময় ভাঙা জেটি দিয়ে যাত্রীদের পারাপারে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েকজন যাত্রী জেটির সামনের অংশ ধরে রাখলে অন্যরা পার হতে সক্ষম হন।

জেলার নদীবন্দর কর্মকর্তা ও সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, এটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌরুট। বরিশাল জোনের নির্বাহী প্রকৌশলী ঘাট পরিদর্শন করেছেন। জেটি মেরামতের দায়িত্ব তাদের। ঈদের আগে নতুন জেটি স্থাপনের আশ্বাস দেওয়া হয়েছে। এখন সেটি বাস্তবায়ন হয় কিনা, সেটাই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫৩   ২১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় বিএনপির নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল
২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা



আর্কাইভ