
স্টাফ রিপোর্টার ॥
ভোলার চরফ্যাশন উপজেলায় গৃহবধূ বকুল বেগম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও দুজনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন বিচারক।
রোববার (২৪ মে) দুপুরে ভোলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) হযরত আলী হিরণ জানান।
মৃত্যুদ-প্রাপ্তরা হলেন, দুলারহাট থানার মুজিবনগরের আব্দুল মালেক প-িত, মোহাম্মদ ইব্রাহিম ও আব্দুল মান্নান। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রফিক। প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
এ ছাড়া অপরাধীকে পালাতে সহায়তা করার দায়ে মোহাম্মদ জসিম, মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ সোহাগকে তিন বছর করে সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া মোহাম্মদ আলম বাচ্চু মেলকারকে দুই বছর সশ্রম কারাদন্ড, মোহাম্মদ কবিরকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নের শিকদারের চর ৯ নম্বর ওয়ার্ডে মো. আলম বাচ্চু মেলকারের বসতঘরের সামনের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় গৃহবধূ বকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার বড় বোন মুকুল বেগমও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দুলারহাট থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
বাংলাদেশ সময়: ২:১৩:৪৭ ১২৭ বার পঠিত