
আজকের ভোলা রিপোর্ট ॥
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রোববার (২৪ মে) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা সদরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত সিআরইএ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিইসিএ)-এর নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ, যৌন সহিংসতা, শিশুহত্যা, পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতার মতো ঘটনা সমাজে নিরাপত্তাহীনতা তৈরি করছে। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ জরুরি।
উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিইসিএ)-এর সভাপতি ওমর ফারুক তারেক বলেন, শিশু রামিসার মতো নৃশংস হত্যাকা- সমাজের মানবিক মূল্যবোধ ও শিশু সুরক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা প্রয়োজন।
সিআরইএ প্রকল্পের জুই দলের নারী নেত্রী রুমা বেগম বলেন, শিশু রামিসা হত্যাকা- সাধারণ মানুষের মনে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে শঙ্কা বাড়ছে। তিনি এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, শিশু ও নারী নির্যাতন এখন জাতীয় সামাজিক সংকটে পরিণত হয়েছে। একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে রাষ্ট্র, পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। পাশাপাশি শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ২:০৬:২৭ ৮৩ বার পঠিত