
বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গফুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় কোটি টাকার মালামাল, নগদ অর্থ ও ব্যবসায়ীদের বহু বছরের কষ্টার্জিত পুঁজি ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা বাজারের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ব্যবসায়ীরা দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি। বাজারে গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক সংযোগ থাকায় স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করতে সাহস পাননি।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মো. বিল্লাল হোসেন, সোহেল, নজরুল, নিজাম খলিফা, জাহাঙ্গীর, আহসান ও হাসান। তাদের দোকানের সার, ওষুধ, কীটনাশকসহ বিভিন্ন ধরনের মালামাল আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিল্লাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কিছুদিন আগে আমার বাড়িতে চুরি হয়েছিল। তাই ভয়ে দোকানে ১০-১১ লাখ টাকা রেখেছিলাম।

এছাড়া সার, ওষুধ, কীটনাশকসহ বিভিন্ন মালামাল ছিল দোকানে। নগদ টাকা ও মালামাল মিলিয়ে আমার প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন একেবারে নিঃস্ব।”
এদিকে অন্য ৬ ব্যবসায়ীরও প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুরো বাজারজুড়ে পরে ছিল পোড়া ধ্বংসস্তূপ আর ব্যবসায়ীদের আহাজারি।
বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাই জানান, “আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় ১০ মিনিটের মধ্যে আমরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।” ততক্ষণে পুরে ছাই।
স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, ঋণ করে গড়ে তোলা ব্যবসা এক রাতেই শেষ হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
বাংলাদেশ সময়: ২:০৫:৩৯ ৫৫ বার পঠিত