
নিজস্ব প্রতিবেদক ॥
ভোলায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সভায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং জেলা থেকে মাদক নির্মূলে পুলিশ ও বিচার বিভাগের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জনাব শরীফ এ. এম. রেজা জাকের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ শরীফ এ. এম. রেজা জাকের বলেন, জেলা লিগ্যাল এইড কমিটি সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে বদ্ধপরিকর। পুলিশ প্রশাসন ও বিচার বিভাগের এই যৌথ প্রচেষ্টা সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “মাদক ব্যবসা এবং এর কেনাবেচার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হচ্ছে এবং এই প্রক্রিয়া নিয়মিত অব্যাহত থাকবে।”
মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়ে তিনি আরও বলেন, “মাদকসেবীদের সংশোধনের ক্ষেত্রে সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়গণের বিচারিক বিবেচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলা জেলা পুলিশ ও বিচার বিভাগ যদি একযোগে কাজ করে, তবেই সমাজ থেকে মাদকের এই ব্যাধি দূর করা সম্ভব।”
উক্ত মাসিক সভায় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম), সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম মনির, বিজ্ঞ বিচারকম-লী এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
সভার শেষে ভোলা জেলা পুলিশ এবং বিচার বিভাগ সম্মিলিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে এবং একটি অপরাধমুক্ত সমাজ গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
বাংলাদেশ সময়: ০:৫১:৫৩ ১০৭ বার পঠিত