
নিজস্ব প্রতিবেদক ॥
ভোলার মেঘনা নদী থেকে আহরিত বৈধ ইলিশ মাছকে সামুদ্রিক মাছ আখ্যা দিয়ে জব্দ এবং প্রায় ৯৪ লাখ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ ও নতুন সুইচ ঘাটের মৎস্য ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ মে) ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সামরাজ ঘাট পার্টি সমিতির সভাপতি মো. ফারুক পাটওয়ারী।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সামরাজ ঘাট পার্টি সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল, মৎস্য ব্যবসায়ী বাবুল ব্যাপারী, হাজী আবদুল সেলিম মিয়া।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১২ মে ২০২৬ তারিখে চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্য ঘাট থেকে ব্যবসায়ী মোশারেফ হোসেন ও কামাল হোসেনের দুই ট্রাক ইলিশ মাছ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মাছগুলো মেঘনা নদীর হওয়ায় এবং জাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞা গত ৩০শে এপ্রিল শেষ হওয়ায় চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা যথাযথ নিয়ম মেনে মাছ পরিবহনের অনুমতিপত্র প্রদান করেন।
ব্যবসায়ীরা জানান, ট্রাক দুটি ভোলা সদরে পৌঁছালে কোস্ট গার্ড দক্ষিণ জোন ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাছের গাড়ি দুটি জব্দ করেন। বর্তমানে সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের (১৫ এপ্রিল থেকে ১১ জুন) সরকারি নিষেধাজ্ঞা থাকলেও নদীর মাছের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, তারা বৈধ কাগজপত্র দেখালেও সদর মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ড সদস্যরা তা তোয়াক্কা করেননি। উল্টো ব্যবসায়ীদের ব্যারাক থেকে বের করে দেওয়া হয় এবং লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে।
লিখিত বক্তব্যে জানানো হয়, জব্দকৃত ৭ হাজার ৯১৩ কেজি ইলিশ মাছের বাজার মূল্য প্রায় ৯৪ লাখ ২ হাজার ৭৮৪ টাকা। পরদিন ১৩ মে বুধবার দুপুরে জব্দকৃত মাছের সামান্য কিছু অংশ স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হলেও বাকি বিশাল পরিমাণ মাছের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে ব্যবসায়ীদের কিছু জানানো হয়নি।
ব্যবসায়ী নেতা ফারুক পাটওয়ারী বলেন, “কোস্ট গার্ড ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তার খামখেয়ালীপনার কারণে আমরা আজ নিঃস্ব। চরফ্যাশন মৎস্য কর্মকর্তার অনুমতি থাকা সত্ত্বেও কেন আমাদের বৈধ মাছ জব্দ করা হলো? আমরা এই আর্থিক ক্ষতির সুষ্ঠু তদন্ত ও ৯৪ লক্ষ ২ হাজার ৭৮৪ টাকা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা আরও জানান, সরকারি নিয়ম মেনে ব্যবসা করার পরেও যদি এভাবে হয়রানির শিকার হতে হয়, তবে তারা পথে বসে যাবেন। তারা এ বিষয়ে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় সামরাজ ও নতুন সুইচ ঘাটের অন্যান্য মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০:৫০:৩৫ ৩৩৪ বার পঠিত